ধর্ম

মাত্র ১১ মাসে পবিত্র কোরআনের হাফেজ ৮ বছরের মুগ্ধ

বাংলা টিভি ডেস্ক: চট্টগ্রামের মিরসরাইয়ে মাত্র ১১ মাসে পবিত্র কোরআন মাজিদ হিফজ সম্পন্ন করেছে ৮ বছর ৩ মাস বয়সী শিশু রামিন নাওয়াফ মুগ্ধ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) মিরসরাই পৌর সদরের ৩ নম্বর ওয়ার্ড পূর্ব গোভনীয়া এলাকায় অবস্থিত দারুল কোরআন মাদরাসা ও এতিমখানার হিফজুল কোরআন বিভাগের শিক্ষার্থী মুগ্ধ হিফজ সম্পন্ন করে।

মুগ্ধ ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার উত্তর কুহমা গ্রামের বাসিন্দা মাসুদুল ইসলাম মজুমদার ও রাবেয়া আক্তার দম্পতির একমাত্র পুত্র। তার মা মিরসরাই কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক। মায়ের চাকরির সুবাদে দীর্ঘদিন ধরে মিরসরাই সদরে বসবাস করছেন মুগ্ধ ও তার পরিবার।

মাদরাসা সূত্রে জানা যায়, গত বছরের নভেম্বরে দারুল কোরআন মাদরাসার হিফজ বিভাগে ভর্তি হয় মুগ্ধ। এরপর কঠোর অধ্যবসায় ও শিক্ষকদের সহযোগিতায় এবং বাবা মায়ের অক্লান্ত পরিশ্রমে মাত্র ১১ মাসেই সম্পূর্ণ কোরআন হিফজ করে সে। প্রতিদিন কখনো ৪ থেকে ৫ পৃষ্ঠা, আবার কখনো ৫ থেকে ৭ পৃষ্ঠা পর্যন্ত সবক শুনিয়েছে মুগ্ধ। তার এমন প্রতিভায় বিস্মিত তার শিক্ষকরা।

শিশু হাফেজ মুগ্ধের বাবা মাসুদুল ইসলাম মজুমদার জানান, ছোটবেলা থেকে ওর ইচ্ছে ছিল সে কাবার ইমাম হবে। আমরা তাকে বলতাম ইনশাআল্লাহ একদিন আল্লাহ কবুল করলে অবশ্যই ইমাম হবে। আলহামদুলিল্লাহ, সে ৮ বছর বয়সে হাফেজ হয়েছে। আমরা তার স্বপ্ন পূরণে যা যা করার, তা করবো সব সময়।

মাদরাসা মুহতামিম আবু নাছের মোহাম্মদ ইউসুফ বলেন, নিয়মিত অধ্যবসায়, শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম ও বাবা-মায়ের সহযোগিতায় মুগ্ধ মাত্র ১১ মাসে পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করেছে। এত অল্প সময়ে হেফজ সম্পন্ন করার নজির একেবারে অনন্য। সে একেক দিন ৫ থেকে ৭ পৃষ্ঠা সবক শুনাতো। মুগ্ধের জন্য দোয়া কামনা করি।

সংশ্লিষ্ট খবর

Back to top button