রাস্তা পারাপারের সময় সিএনজির ধাক্কায় মসজিদের ইমাম নিহত

বাংলা টিভি ডেস্ক: ভোলায় সড়ক পার হওয়ার সময় যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মাওলানা ইউনুস (৬৫) নামে এক মসজিদের সাবেক ইমামের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) সকালে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের পাকার মাথা এলাকায় ভোলা-লক্ষ্মীপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইউনুস ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাঘার হাওলা গ্রামের মজিবুল হক হাওলাদারের ছেলে। তিনি স্থানীয় একটি মসজিদের সাবেক ইমাম ছিলেন।
স্থানীয়রা জানান, সকালে ইউনুস পাকার মাথা এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করেছে। চালককে আটকের চেষ্টা চলছে।



