আন্তর্জাতিক

বাংলাদেশ-মালদ্বীপ সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব, দ্রুত বাস্তবায়নে আগ্রহী স্পিকার

সোহেল রানা, মালদ্বীপ প্রতিনিধি: বাংলাদেশ ও মালদ্বীপের সংসদ সদস্যদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব দিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম। এ উদ্যোগ বাস্তবায়নে আগ্রহ প্রকাশ করেছেন মালদ্বীপের পার্লামেন্ট পিপলস মজলিসের স্পিকার আবদুল রহিম আবদুল্লাহ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) মালেতে স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে হাইকমিশনার এ প্রস্তাব দেন। এ সময় দুই দেশের সংসদীয় সম্পর্ক উন্নয়ন, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং সংসদীয় কূটনীতির মাধ্যমে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়।

প্রস্তাবিত বন্ধুত্ব গ্রুপের মাধ্যমে দুই দেশের সংসদ সদস্যদের মধ্যে নিয়মিত মতবিনিময়, পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতার নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

সাক্ষাৎকালে হাইকমিশনার বলেন, সরকার পর্যায়ের যোগাযোগের পাশাপাশি নির্বাচিত জনপ্রতিনিধিদের মধ্যেও নিয়মিত যোগাযোগ বজায় থাকলে বাংলাদেশ ও মালদ্বীপের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

এ সময় মালদ্বীপের অর্থনীতি ও বিভিন্ন খাতে প্রবাসী বাংলাদেশিদের অবদানের কথা তুলে ধরে তাঁদের কর্মসংস্থানের সুযোগ দেওয়ায় দেশটির সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান হাইকমিশনার।

জবাবে স্পিকার আবদুল রহিম আবদুল্লাহ মালদ্বীপের অর্থনৈতিক কর্মকাণ্ড ও উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের অবদানের প্রশংসা করেন।

সাক্ষাতে উভয় পক্ষ দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। শেষে হাইকমিশনার ও স্পিকার নিজ নিজ দেশের ঐতিহ্য ও সংস্কৃতির পরিচায়ক উপহার বিনিময় করেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button