রাজনীতি

‘গোলাম পরওয়ারকে রক্ষা করতে গেলে জামায়াতকেও দায় নিতে হবে’

বাংলা টিভি ডেস্ক: জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে একটি দেশের গোয়েন্দা সংস্থার কর্মকর্তার বৈঠক নিয়ে প্রকাশিত খবরের প্রতিবাদে দলটির দেওয়া বিবৃতি ও গোলাম পরওয়ারের বক্তব্যের সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। এ প্রসঙ্গে গোলাম পরওয়ারকে কটাক্ষ করে তিনি বলেছেন, ‘মিয়া গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায় পড়েছে।’

বুধবার (২৮ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে এ বিষয়ে মন্তব্য করেন রাশেদ খান।

পোস্টে তিনি প্রশ্ন তোলেন, জামায়াতের বিবৃতিতে কি গোলাম পরওয়ারের সঙ্গে গোয়েন্দা কর্মকর্তার বৈঠক না হওয়ার বিষয়টি স্পষ্টভাবে অস্বীকার করা হয়েছে? একই সঙ্গে বিবৃতিতে ভারত প্রসঙ্গ উল্লেখ না করার বিষয়টিও সামনে আনেন তিনি।

রাশেদ খান লেখেন, গোলাম পরওয়ারকে রক্ষা করতে গিয়ে জামায়াতকেও এ বিতর্কের দায় নিতে হতে পারে। তার দাবি, ভবিষ্যতে জামায়াতের নেতাকর্মীরা ‘দিল্লি না ঢাকা’ স্লোগান দিলে এ ঘটনা নিয়ে তাদের সমালোচনার মুখে পড়তে হবে।

গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠক নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেওয়ার ধরন নিয়েও প্রশ্ন তুলেছেন রাশেদ খান। তার ভাষ্য অনুযায়ী, সাংবাদিকেরা গোলাম পরওয়ারকে প্রশ্ন করতে চাইলে প্রথমে অন্য প্রশ্ন না নেওয়ার কথা বলা হয়। পরে বৈঠকসংক্রান্ত প্রশ্নের উত্তর দিয়ে তিনি অন্য প্রশ্নের জবাব দিতে এগিয়ে যান। এ আচরণের কারণ নিয়েও প্রশ্ন তোলেন রাশেদ খান।

ফেসবুক পোস্টে তিনি আরও দাবি করেন, বৈঠকসংক্রান্ত প্রশ্নের জবাব দেওয়ার সময় গোলাম পরওয়ারকে ইতস্তত করতে দেখা গেছে। একই সঙ্গে জামায়াতে ইসলামীর আদর্শ ও সত্য বলার নীতি নিয়েও কটাক্ষ করেন তিনি।

এর আগে মঙ্গলবার (২৭ অক্টোবর) বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত গোয়েন্দা সংস্থার কর্মকর্তার সঙ্গে বৈঠকসংক্রান্ত খবরের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেন মিয়া গোলাম পরওয়ার। এসব খবরকে জামায়াতে ইসলামীর সুনাম ক্ষুণ্ন করার ষড়যন্ত্রমূলক প্রচেষ্টা হিসেবে উল্লেখ করে তিনি নিন্দা ও প্রতিবাদ জানান।

জামায়াতের বিবৃতিতে বলা হয়, দলটি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে এবং রাষ্ট্রীয় মর্যাদা বজায় রেখে বিদেশি রাষ্ট্রগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রক্ষা করে। গোলাম পরওয়ারের সঙ্গে একটি দেশের গোয়েন্দা সংস্থার কর্মকর্তার বৈঠক নিয়ে প্রকাশিত খবরেরও প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের অভিযোগের সত্যতা প্রকাশের আহ্বান জানান। তিনি বলেন, গোলাম পরওয়ারকে নিয়ে অসত্য তথ্য প্রচারের অভিযোগ যাদের বিরুদ্ধে উঠেছে, তাদের উচিত এ বিষয়ে প্রমাণ জাতির সামনে উপস্থাপন করা।

এ ছাড়া মিথ্যা প্রচারণা ও অপপ্রচারের বিষয়ে নাগরিকদের সতর্ক থাকার এবং কোনো ধরনের বিভ্রান্তিতে না পড়ার আহ্বান জানায় জামায়াতে ইসলামী।

তবে গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠক নিয়ে রাশেদ খানের উত্থাপিত প্রশ্ন ও অভিযোগ এবং জামায়াতের প্রতিবাদী বক্তব্য—দুই পক্ষের অবস্থানই এ ঘটনায় রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button