এইচএসসিতে পাশ করা সবাই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী

বাংলা টিভি ডেস্ক: ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ প্রত্যেক শিক্ষার্থীর জন্য উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রায় ১২ লাখ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। বিপরীতে দেশের বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে সব মিলিয়ে প্রায় ১৩ লাখ ৪০ হাজার আসন রয়েছে। ফলে পাস করা সব শিক্ষার্থীর উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ তৈরি হয়েছে।
তবে বিশ্ববিদ্যালয়ভেদে ভর্তির যোগ্যতা ও শর্ত নির্ধারণের বিষয়টি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব সিদ্ধান্ত বলে উল্লেখ করেন তিনি। অর্থাৎ উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ থাকলেও কোন বিশ্ববিদ্যালয়ে কী মানদণ্ডে শিক্ষার্থী নেওয়া হবে, তা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই নির্ধারণ করবে।
এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। পাসের হার ৫২.১২ শতাংশ। এ ছাড়া জিপিএ-৫ অর্জন করেছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।
উল্লেখ্য, ২০২৫ সালে এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ছিল ৫৮.৮৩ শতাংশ। সে হিসাবে গত বছরের তুলনায় এবার পাসের হার কমেছে ৬.৭১ শতাংশ।



