বাংলাদেশ

এবার জিপিএ-৫ এ এগিয়ে ছেলেরা

বাংলা টিভি ডেস্ক: ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফলে সামগ্রিক পাসের হারে ছাত্রীরা এগিয়ে থাকলেও জিপিএ-৫ অর্জনের ক্ষেত্রে ছেলেরা বেশি সাফল্য পেয়েছে। এবার মোট ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। তাদের মধ্যে ছাত্র ২০ হাজার ৩৬৩ জন এবং ছাত্রী ১৯ হাজার ৭২১ জন। সে হিসাবে জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা মেয়েদের চেয়ে ৬৪২ জন এগিয়ে রয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে দেশের ১১টি শিক্ষা বোর্ডের ফলাফল একযোগে প্রকাশ করা হয়। ফল প্রকাশের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়াসহ বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রকাশিত ফল অনুযায়ী, এবার ১১টি শিক্ষা বোর্ডে সম্মিলিত পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। মোট জিপিএ-৫ অর্জন করেছে ৪০ হাজার ৮৪ জন পরীক্ষার্থী।

বোর্ডভিত্তিক ফলাফলে দেখা গেছে, কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ৪৮ দশমিক ০৪ শতাংশ। এ বোর্ড থেকে জিপিএ-৫ অর্জন করেছে ১ হাজার ৩১৩ জন শিক্ষার্থী।

বরিশাল বোর্ডে পাসের হার ৪৪ দশমিক ৮৪ শতাংশ। এ বোর্ডে সর্বোচ্চ ফল অর্জন করেছে ৫ হাজার ৯৫০ জন পরীক্ষার্থী।

যশোর শিক্ষা বোর্ডে পাসের হার ৪৪ দশমিক ৯২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ২২৮ জন। দিনাজপুর বোর্ডে পাসের হার ৪৫ দশমিক ৯৮ শতাংশ, জিপিএ-৫ অর্জনকারীর সংখ্যা ২ হাজার ৯৫৩ জন।

অন্যদিকে সিলেট বোর্ডে পাসের হার ৫০ দশমিক ৯০ শতাংশ। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ২০৪ জন। রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ৪৫ দশমিক ০৬ শতাংশ এবং জিপিএ-৫ অর্জন করেছে ৪ হাজার ৫২০ জন শিক্ষার্থী।

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ২ জুলাই। নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে এবার পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী নিবন্ধিত ছিল। তবে বিভিন্ন কারণে বেশ কিছু পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি।

শিক্ষার্থীরা মোবাইল ফোনের মাধ্যমে এসএমএস পাঠিয়েও ফলাফল জানতে পারবেন। এ জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে HSC লিখে একটি স্পেস, এরপর রোল নম্বর ও পরীক্ষার বছর লিখতে হবে। পরে বার্তাটি পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে।

ফিরতি এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফলাফল জানা যাবে।

এবারের ফলাফলে সামগ্রিক পাসের হারে ছাত্রীরা এগিয়ে থাকলেও সর্বোচ্চ গ্রেড জিপিএ-৫ অর্জনে ছাত্রদের এগিয়ে থাকা বিশেষভাবে নজর কেড়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button