চালক ও যাত্রীদের সহায়তায় বাসে সন্তান প্রসব

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের আসাম রাজ্যে চলন্ত বাসের মধ্যেই কন্যাসন্তানের জন্ম দিয়েছেন এক নারী। কাজিরাঙার কাছাকাছি সড়কপথে যাত্রার সময় হঠাৎ প্রসবব্যথা শুরু হলে বাসচালক ও যাত্রীরা তাঁর সহায়তায় এগিয়ে আসেন। তাদের সম্মিলিত প্রচেষ্টায় বাসের ভেতরেই সন্তান প্রসব করেন ওই নারী। পরে মা ও নবজাতককে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে দুজনের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ ঘটনা জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গুয়াহাটি থেকে ধিব্রুগড়ের উদ্দেশে ছেড়ে আসা একটি বাসে পরিবারের সাত সদস্যের সঙ্গে ভ্রমণ করছিলেন ওই নারী। পথে জাগিরোড থেকে দিমৌ যাওয়ার সময় হঠাৎ তাঁর প্রসবব্যথা শুরু হয়।
বাসচালক বাবুল বরপাত্র জানান, গাড়ির ভেতর থেকে যাত্রীদের চিৎকার শুনে তিনি বাস থামিয়ে দেন। পরে জানতে পারেন, এক নারী প্রসবব্যথায় আক্রান্ত হয়েছেন এবং যেকোনো সময় সন্তান জন্ম দিতে পারেন।
এমন পরিস্থিতিতে বাসের অন্য যাত্রীরা দ্রুত সহযোগিতার হাত বাড়িয়ে দেন। প্রসবের সময় ওই নারীকে ব্যক্তিগত গোপনীয়তা দেওয়ার জন্য পুরুষ যাত্রীদের বাস থেকে নেমে যেতে অনুরোধ করা হয়। পাশাপাশি কম্বল ও কাপড় ব্যবহার করে বাসের ভেতরে অস্থায়ী পর্দার ব্যবস্থা করা হয়।
এরপর বাসের কয়েকজন যাত্রী ও কর্মীর সহায়তায় সন্তান প্রসব করেন ওই নারী। অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তিনি একটি কন্যাসন্তানের জন্ম দেন।
এদিকে জরুরি সেবায় খবর দেন বাসচালক ও সংশ্লিষ্টরা। পরে অ্যাম্বুলেন্স এসে মা ও নবজাতককে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে মা ও শিশুর শারীরিক অবস্থা ভালো এবং দুজনই স্থিতিশীল রয়েছেন।
চলন্ত বাসে এমন পরিস্থিতিতে যাত্রী ও বাসকর্মীদের দ্রুত সহযোগিতার বিষয়টি স্থানীয়ভাবে প্রশংসা পেয়েছে।



