সরকারের সবকিছু ভেঙে তছনছ করে দেব: জামায়াত আমির

বাংলা টিভি ডেস্ক: জনগণের সমর্থন থাকলে সাত দফা দাবি বাস্তবায়ন করেই ছাড়বেন বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, সরকার আগামী ৯ তারিখের আগে গণভোটের রায় বাস্তবায়নের ঘোষণা না দিলে দাবি আদায়ে কঠোর অবস্থানে যাবে ১১ দলীয় ঐক্য।
শনিবার (৩১ অক্টোবর) ঢাকা, খুলনা ও কুষ্টিয়াগামী লংমার্চের পথে শরীয়তপুরের নাওডোবা পদ্মা সেতু এলাকায় আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন তিনি।
পথসভায় শফিকুর রহমান বলেন, সাত দফা দাবির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো গণভোটের রায় বাস্তবায়ন। এই একটি দাবি পূরণ না হওয়ায় বাকি ছয়টি দাবি সামনে এসেছে। তাঁর অভিযোগ, বিএনপি জনগণের গণরায়কে উপেক্ষা করছে এবং জনগণের সঙ্গে প্রতারণা করছে। সরকার জনগণের ওপর স্বৈরশাসন চালিয়ে যেতে চায় বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, জনগণ পাশে থাকলে সাত দফা দাবি বাস্তবায়ন করা হবে। স্বাধীনতার জন্য যে জাতি বুক পেতে গুলি গ্রহণ করেছে, সেই জাতি কোনো অন্যায়ের কাছে মাথা নত করবে না।
গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, জ্বালানি তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ এবং প্রশাসনের সর্বস্তরে দলীয়করণ বন্ধের দাবিতে এ লংমার্চের আয়োজন করা হয়েছে।
এদিকে পথসভায় খেলাফত মজলিসের সভাপতি মামুনুল হক বলেন, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের মতো কর্মসূচির মাধ্যমে জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা হলে জনগণই সরকারকে চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করবে। এ ধরনের রাজনৈতিক কৌশল বন্ধ করার আহ্বান জানান তিনি।
জেলা জামায়াতের আমির আবদুর রব হাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় আরও বক্তব্য দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও খেলাফত মজলিসের সভাপতি মামুনুল হক।
এ সময় খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদসহ ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে এ লংমার্চ কর্মসূচি পালিত হচ্ছে। এতে জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ জোটের শীর্ষ নেতারা নেতৃত্ব দিচ্ছেন।



