মনের মানুষের খোঁজে ‘সিঙ্গেলরা’ বিনামূল্যে যেতে পারবেন ফিনল্যান্ড, আবেদন করবেন যেভাবে

আন্তর্জাতিক ডেস্ক: জীবনসঙ্গীর খোঁজে থাকা অবিবাহিতদের জন্য অভিনব এক আয়োজন করতে যাচ্ছে ইউরোপের দেশ ফিনল্যান্ড। দেশটির পর্যটন সংস্থা ‘ভিজিট ফিনল্যান্ড’ বিশ্বের বিভিন্ন দেশের সিঙ্গেল প্রাপ্তবয়স্কদের জন্য বিশেষ ব্লাইন্ড ডেট ভ্রমণের আয়োজন করেছে। এ কর্মসূচিতে নির্বাচিত ১৬ জনের বিমান টিকিট, থাকা-খাওয়া থেকে শুরু করে ভ্রমণের সব খরচ বহন করবে আয়োজকরা।
‘ফিনিশ ডিনার ডেট’ নামের এই ব্যতিক্রমী আয়োজনের মূল উদ্দেশ্য বিদেশি পর্যটকদের ফিনল্যান্ডের ঐতিহ্যবাহী খাবার ও সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। একই সঙ্গে দেশটির স্থানীয় অবিবাহিতদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ তৈরি করা। ২০২৭ সালের ৯ থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই বিশেষ কর্মসূচি।
আয়োজনের অংশ হিসেবে অংশগ্রহণকারীরা ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কি এবং লেকল্যান্ড অঞ্চলের তামপেরে শহরে স্থানীয় সিঙ্গেলদের সঙ্গে দলীয় নৈশভোজে অংশ নেবেন। এসব আয়োজনে পরিবেশন করা হবে দেশটির ঐতিহ্যবাহী বিভিন্ন খাবার। মেনুতে থাকবে বুনো মাছ, নানা ধরনের বেরি ও বন থেকে সংগ্রহ করা মাশরুম দিয়ে তৈরি সুস্বাদু পদ। ফিনল্যান্ডের কয়েকজন খ্যাতনামা শেফ এসব খাবার প্রস্তুত করবেন।
বিজনেস ফিনল্যান্ডের আন্তর্জাতিক বিপণন বিভাগের জ্যেষ্ঠ পরিচালক হেলি জিমেনেজ বলেন, ফিনিশ খাবার ও দেশটির সুখী জীবনযাপনের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। খাবারের মাধ্যমে মানুষের সঙ্গে প্রকৃতি, ঋতু ও স্থানীয় ঐতিহ্যের মেলবন্ধন ঘটে। এই আয়োজনের মধ্য দিয়ে বিদেশি পর্যটকদের কাছে ফিনল্যান্ডের সংস্কৃতিকে নতুনভাবে তুলে ধরতে চায় কর্তৃপক্ষ।
স্থানীয় ডেটিং সংস্কৃতি থেকেই আয়োজনের অনুপ্রেরণা
‘ফিনিশ ডিনার ডেট’ আয়োজনের ধারণা নেওয়া হয়েছে দেশটির জনপ্রিয় স্থানীয় ডেটিং রীতি ‘সিংকুকোরি’ থেকে। ফিনল্যান্ডের কিছু সুপারমার্কেটে অবিবাহিত ক্রেতারা গোলাপি রঙের শপিং বাস্কেট ব্যবহার করেন। এর মাধ্যমে তাঁরা অন্যদের বুঝিয়ে দেন, নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে কিংবা রোমান্টিক সম্পর্কে জড়াতে তাঁরা আগ্রহী।
ভিজিট ফিনল্যান্ডের মতে, বিশ্বের বিভিন্ন দেশের খাবার আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পেলেও ফিনিশ খাদ্যসংস্কৃতি তুলনামূলকভাবে কম আলোচিত। দেশটির সাওনা সংস্কৃতি, বন থেকে প্রাকৃতিক উপাদান সংগ্রহ এবং স্থানীয় খাবারের ঐতিহ্য একে স্বতন্ত্র পরিচয় দিয়েছে। নতুন এই আয়োজনের মাধ্যমে এসব অভিজ্ঞতা আন্তর্জাতিক পর্যটকদের সামনে তুলে ধরাই সংস্থাটির লক্ষ্য।
কারা আবেদন করতে পারবেন, যেভাবে আবেদন
ফিনল্যান্ডের বাইরে বসবাসকারী বিশ্বের যেকোনো দেশের ১৮ বছর বা তার বেশি বয়সী অবিবাহিত প্রাপ্তবয়স্করা এ কর্মসূচিতে অংশ নিতে আবেদন করতে পারবেন। তবে আবেদন করতে হবে এককভাবে।
আবেদনকারীদের ইংরেজিতে একটি ছোট ভিডিও তৈরি করতে হবে। সেখানে একটি প্রশ্নের উত্তর দিতে হবে—‘একটি ডিনার ডেটে আপনি কী পরিবেশন করবেন এবং কেন?’
ভিডিওটি নিজের পাবলিক ইনস্টাগ্রাম, টিকটক অথবা ইউটিউব অ্যাকাউন্টে প্রকাশ করতে হবে। পোস্টে ‘ফিনিশ ডিনার ডেট’ হ্যাশট্যাগ ব্যবহার করার পাশাপাশি ভিজিট ফিনল্যান্ডের অ্যাকাউন্ট ট্যাগ করতে হবে।
ফিনল্যান্ডের স্থানীয় সময় ১০ নভেম্বর সকাল ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। নির্বাচিত ১৬ জনের নাম আগামী ১ ডিসেম্বর ভিজিট ফিনল্যান্ডের ইনস্টাগ্রাম ও টিকটক অ্যাকাউন্টে প্রকাশ করা হবে।
নির্বাচিত অংশগ্রহণকারীদের বিমানভাড়া, আবাসন, খাবার এবং পুরো ভ্রমণ আয়োজনের যাবতীয় ব্যয় বহন করবে কর্তৃপক্ষ। ফলে কোনো খরচ ছাড়াই ফিনল্যান্ডের মনোরম পরিবেশ, ঐতিহ্যবাহী খাবার ও সংস্কৃতি উপভোগের পাশাপাশি স্থানীয়দের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন তাঁরা।
সূত্র: এনডিটিভি



