খালেদা জিয়াকে মুক্ত করে গণতন্ত্র ফিরিয়ে আনা হবেঃ ফখরুল

আবারো, আন্দোলনের মাধ্যমেই খালেদা জিয়াকে মুক্ত করে দেশের হারানো গণতন্ত্র ফিরিয়ে আনার প্রত্যয় জানালেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর, বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন না বলে, জানালেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। সকালে, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে, এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
সকালে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে শত নাগরিক কমিটি আয়োজিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজ উদ্দীন আহমদ ও কবি আবদুল হাই শিকদারের লেখা’ তৃতীয় বিশ্বের কণ্ঠস্বর’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে তীব্র আন্দোলন ছাড়া খালেদা জিয়ার মুক্তি সম্ভব নয়- উল্লেখ করে, আবারো দলীয় নেতাকর্মীদের সংঘবদ্ধ হওয়ার আহ্বান জানান, দলের সিনিয়র নেতারা।
এদিকে, দলীয় নেতা কর্মীদের হতাশ না হয়ে আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করার পাশাপাশি, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার প্রত্যয় জানান মির্জা ফখরুল।
বিএনপি এবং খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে দেয়া সম্ভব নয় বলেও, এ সময় মন্তব্য করেন তিনি।
বাংলাটিভি/প্রিন্স



