হিন্দুস্তান থেকে প্যারাশুটে নামবেন, না হেলিকপ্টারে, একটু বলে দিন: রিজভী

বাংলা টিভি ডেস্ক: শহীদদের রক্তের দাগ মুছে যাওয়ার আগেই শেখ হাসিনা ভারত থেকে দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে ফিরতে পারেন, তবে তাঁর শাসনামলে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে।
রিজভী আরও বলেন, গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠার যে অঙ্গীকার করা হয়েছে, তা বাস্তবায়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।
রোববার (৮ নভেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মাদরাসার শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরার প্রসঙ্গ তুলে রিজভী বলেন, ‘উনি নাকি চলে আসবেন ডিসেম্বরে। তাহলে আবু সাঈদদের শহীদ করলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে হেলিকপ্টার থেকে গুলি করালেন, এই অপরাধ, এই পাপ, এই হত্যার কি বিচার হবে না? মাঝে মাঝে আওয়াজ দিচ্ছেন, হিন্দুস্তান থেকে নেমে পড়বেন? কোথায় নামবেন? প্যারাশুটে নামবেন, না হেলিকপ্টারে? ঢাকায় নামবেন, না গোপালগঞ্জে? একটু বলে দিন?’
২০২৪ সালের গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, দীর্ঘ ১৭ বছরের শাসন ও দুঃশাসনের পর জনগণকে আবারও রাজপথে জেগে উঠতে হয়েছে। তাঁর অভিযোগ, শেখ হাসিনার শাসনামলে রাষ্ট্রীয় পর্যায়ে গুম, খুন ও গুপ্তহত্যার মতো ঘটনা ঘটেছে। বিরোধী দলের নেতা-কর্মীদের পাশাপাশি তরুণ ও শ্রমজীবী মানুষও নির্যাতন ও হত্যার শিকার হয়েছেন।
তিনি বলেন, ছাত্র, তরুণ, শ্রমিক, রিকশাচালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে শেখ হাসিনার সরকারের পতন ঘটেছে। রিজভীর মতে, ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পেছনে ৭ নভেম্বরের চেতনা গুরুত্বপূর্ণ প্রেরণা হিসেবে কাজ করেছে। ১৯৯০ সালের গণ-আন্দোলন এবং ২০২৪ সালের জুলাইয়ের আন্দোলনেও জনগণের একই ধরনের জাগরণ দেখা গেছে বলে মন্তব্য করেন তিনি।
রিজভী আরও বলেন, জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী নেতা-কর্মীরা ৭ নভেম্বরের চেতনা ধারণ করে এখনো সতর্ক রয়েছেন। বাংলাদেশকে কোনো দেশের অধীনস্থ বা কারও স্বার্থের সেবাদাস হতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপির রাজনৈতিক আদর্শ তুলে ধরে রিজভী বলেন, দলটির রাজনীতি সরল ও নীতিনিষ্ঠ পথের রাজনীতি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তাঁদের রাজনৈতিক অঙ্গীকার থেকে কখনো সরে যাননি। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও প্রতিশ্রুতি রক্ষায় অবিচল রয়েছেন বলে দাবি করেন তিনি।
এ সময় অন্য রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে রিজভী বলেন, কিছু দল ইসলামের নাম ব্যবহার করে রাজনীতি করলেও বিভিন্ন সময়ে নিজেদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করে না।



