Uncategorizedবাংলাদেশ

ফতুল্লায় মাদ্রাসায় আগুন: ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪

বাংলা টিভি ডেস্ক: নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় একটি মাদ্রাসার লাইব্রেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বিষাক্ত ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন ৬৩ জন শিক্ষার্থী। তাঁদের সবাইকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে রাখা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টা ৫৫ মিনিটে সাইনবোর্ড এলাকার পাঁচতলা জামিয়া আশরাফিয়া মাদ্রাসা ভবনের দ্বিতীয় তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর রাত ৩টা ৪৪ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, এ পর্যন্ত ৬৩ জন শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়েছে। তাঁদের মধ্যে চারজনের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হওয়ায় আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।

আশঙ্কাজনক চার শিক্ষার্থীর মধ্যে তিনজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তাঁরা হলেন—ইউসুফ (১৮), খাইরুল (২২) ও জোবায়ের (১৮)।

হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসাধীন বাকি ৫৯ শিক্ষার্থীর বয়স ১৩ থেকে ২৯ বছরের মধ্যে। তাঁদের জরুরি বিভাগে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

উদ্ধারকারীদের বরাত দিয়ে জানা যায়, মাদ্রাসা ভবনের দ্বিতীয় তলায় লাইব্রেরি কক্ষে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন লাইব্রেরিতে ছড়িয়ে পড়ে এবং বইপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যায়।

গভীর রাতে আগুন লাগার কারণে পুরো ভবনে ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ে। এ সময় ঘুমন্ত শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। ধোঁয়ায় শ্বাসকষ্ট ও শ্বাসনালিতে ক্ষতির কারণে একের পর এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার শাহজাহান জানান, রাত ১টা ৫৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় পৌনে দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।

ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন ভবনের ওপরের তলাগুলোতে ছড়িয়ে পড়তে পারেনি। তবে অগ্নিকাণ্ডে মাদ্রাসার লাইব্রেরির বইপত্র ও নথিপত্র পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এ ঘটনায় শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করেছেন সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button