বাংলাদেশ

ঢাকাসহ তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন

বাংলা টিভি ডেস্ক: শিল্পাঞ্চলের নিরাপত্তা জোরদার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। তিন জেলায় মোট ৩৬ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। শ্রমিক অসন্তোষসহ যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছেন তাঁরা।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা।

মোতায়েন করা বিজিবি সদস্যদের মধ্যে ঢাকার সাভার ও আশুলিয়া এলাকায় ১৪ প্লাটুন, রাজধানীর মিরপুরে ৩ প্লাটুন, নারায়ণগঞ্জে ৯ প্লাটুন এবং গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে ১০ প্লাটুন দায়িত্ব পালন করছেন।

এ ছাড়া নারায়ণগঞ্জ ও সংশ্লিষ্ট এলাকায় দুটি বিশেষ টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

বিজিবি জানায়, শিল্পাঞ্চলে সার্বিক নিরাপত্তা বজায় রাখা, শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সমন্বিতভাবে কাজ করছেন।

শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির এই সতর্ক অবস্থান অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button