তিতাস কমিউটার ট্রেনে আগুন, আটক ২

বাংলা টিভি ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশনের উত্তর আউটার সিগন্যাল এলাকায় ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে ট্রেনটির কয়েকটি আসন পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
এ ঘটনায় ঘটনাস্থল থেকে দুই ব্যক্তিকে আটক করেছে রেলওয়ে পুলিশ (জিআরপি) ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। আটক ব্যক্তিরা হলেন মুরসালিন (২৩) ও নূরুল (২৫)। তাদের দুজনের বাড়ি আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের নয়াদিল গ্রামে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
রেলওয়ে সূত্রে জানা যায়, রাতে আখাউড়া জংশনের উত্তর আউটার সিগন্যাল এলাকায় তিতাস কমিউটার ট্রেনটির ওয়াশফিড বের করে শান্টিং কার্যক্রম চলছিল। এ সময় ট্রেনের দায়িত্বে থাকা গেটম্যান স্বাধীন আহমেদ বগির ভেতরে আগুন জ্বলতে দেখতে পান। বিষয়টি বুঝতে পেরে তিনি দ্রুত রেলওয়ে কন্ট্রোল অফিস ও আখাউড়া ফায়ার সার্ভিসকে খবর দেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। তাদের তৎপরতায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর আগেই ট্রেনটির কয়েকটি আসন পুড়ে যায়।
আখাউড়া রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট মো. নুরুন্নবী জানান, আগুনে ক্ষতিগ্রস্ত বগিটি ট্রেন থেকে আলাদা করে রাখা হয়। পরে প্রায় এক ঘণ্টা বিলম্বে ট্রেনটি আখাউড়া স্টেশন ছেড়ে ঢাকার উদ্দেশে যাত্রা করে।
রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) ইন্সপেক্টর মো. জাহাঙ্গীর আলম জানান, স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দূরে শান্টিং কার্যক্রম চলার সময় দুর্বৃত্তরা ট্রেনটিতে আগুন দেয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
অন্যদিকে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস জানান, অগ্নিসংযোগের ঘটনায় ঘটনাস্থল থেকে দুই সন্দেহভাজনকে আটক করা হয়েছে। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ ও এর সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্ত চলছে।



