বাংলাদেশ

বিয়ের আসর থেকে ৪ ভরি স্বর্ণ নিয়ে উধাও কনে, দিশেহারা বর

বাংলা টিভি ডেস্ক: হবিগঞ্জ থেকে ৪২ জন বরযাত্রী নিয়ে রংপুরে বিয়ে করতে এসেছিলেন ব্রুনাইপ্রবাসী ফয়ছল আহমেদ। কমিউনিটি সেন্টারে বিয়ের আয়োজনও চলছিল পুরোদমে। কিন্তু বিয়ের আনুষ্ঠানিকতা শুরুর আগেই ঘটে বিপত্তি। অভিযোগ উঠেছে, কনে ও তার সঙ্গে আসা কথিত স্বজনেরা চার ভরি স্বর্ণালংকারসহ পালিয়ে গেছেন। শেষ পর্যন্ত বিয়ে না করেই খালি হাতে বরযাত্রীদের নিয়ে বাড়ি ফিরতে হয়েছে ফয়ছলকে।

গত ১১ নভেম্বর বিকেলে রংপুরের বদরগঞ্জ উপজেলার ভাটিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতারণা ও চুরির অভিযোগ এনে ১২ নভেম্বর রাতে কোতোয়ালি থানায় মামলা করেছেন ভুক্তভোগী বর। মামলায় সুমি আক্তার (২৬), তার স্বামী সুভাষ আহমেদ (৩৫) ও কনে শ্যামলা খাতুনকে (১৯) আসামি করা হয়েছে।

শুক্রবার রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলী। তিনি জানান, ঘটনার তদন্তে অগ্রগতি হয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বরপক্ষ সূত্রে জানা যায়, ফয়ছল আহমেদের বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার মাছুলিয়া গ্রামে। দীর্ঘদিন ধরে তিনি ব্রুনাইয়ে বসবাস করছেন। বিয়ে করার উদ্দেশ্যে প্রায় পাঁচ মাস আগে দেশে আসেন তিনি। বিয়ে শেষে আবারও প্রবাসে ফিরে যাওয়ার পরিকল্পনা ছিল তার।

মামলার এজাহার অনুযায়ী, ফয়ছলের ছোট বোন তামান্না আক্তারের বিয়ে হয়েছে চট্টগ্রামে। সেখানে স্বামী ও শ্বশুরের সঙ্গে একটি ভাড়া বাসায় থাকতেন তিনি। একই ভবনের একটি ফ্ল্যাটে প্রতিবেশী হিসেবে বসবাস করতেন সুমি আক্তার ও তার স্বামী সুভাষ আহমেদ। তারা নিজেদের বাড়ি কুড়িগ্রামে বলে পরিচয় দিয়েছিলেন। প্রায় দুই বছর পাশাপাশি থাকার পর দেড় বছর আগে ঢাকায় চলে গেলেও তামান্নার সঙ্গে সুমির যোগাযোগ ছিল।

তামান্না জানান, ভাইয়ের বিয়ের প্রসঙ্গ উঠলে সুমি নিজের ছোট বোন পরিচয়ে শ্যামলা খাতুনের সঙ্গে ফয়ছলের বিয়ের প্রস্তাব দেন। পরে ভিডিও কলের মাধ্যমে দুই পরিবারের সদস্যরা একাধিকবার কথা বলেন। উভয় পক্ষের সম্মতিতে ১১ নভেম্বর বিয়ের দিন ঠিক হয়। কনেপক্ষ রংপুর নগরীর কামাল কাছনা এলাকার একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানের আয়োজনের কথা জানায়। সেই আয়োজনেই ৪২ জন বরযাত্রী নিয়ে বাসে করে রংপুরে পৌঁছান ফয়ছল।

অভিযোগে বলা হয়, বিয়ের আনুষ্ঠানিকতার আগে কনেকে চার ভরি স্বর্ণালংকার উপহার দেন ফয়ছল। পরে কনের বোন পরিচয় দেওয়া তিন নারী গহনাগুলোর মান পরীক্ষা করার আগ্রহ দেখান। এরপর ফয়ছল, তার পরিবারের সদস্য এবং কনে ও ওই নারীরা দেওয়ানবাড়ি সড়কের লক্ষ্মী জুয়েলার্সে যান। সেখানে স্বর্ণের মান যাচাইয়ের পর গহনাগুলো নিয়ে কনেকে সাজানোর জন্য একটি বিউটি পার্লারে যাওয়া হয়।

সেখান থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ হন কনে। এজাহারের বিবরণ অনুযায়ী, ফয়ছল তার দুই বোনকে বিউটি পার্লারে রেখে বাবা ও ভগ্নিপতিকে সঙ্গে নিয়ে বিয়ের কেনাকাটায় বের হন। এ সময় কনেকে বিয়ের সাজে প্রস্তুত করা হয়। পরে তাকে একটি রিকশায় তুলে দেওয়া হয়। সেই রিকশায় কনের বোন পরিচয় দেওয়া একজন নারীও ছিলেন।

অন্যদিকে, ফয়ছলের দুই বোন এবং কনের বোন পরিচয় দেওয়া আরও দুই নারী আলাদা একটি অটোরিকশায় রওনা হন। কিন্তু কনেকে নিয়ে যাওয়া রিকশাটির আর কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরবর্তী সময়ে অটোরিকশাটি রংপুর শহর থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে বদরগঞ্জ উপজেলার ভাটিয়াপাড়া এলাকায় একটি বটগাছের নিচে গিয়ে থামে। বিকেল ৫টার দিকে সেখানে পৌঁছানোর পর ফয়ছলের দুই বোনকে সড়কের পাশে অপেক্ষা করতে বলে কনের বোন পরিচয় দেওয়া দুই নারী সরে পড়েন। দীর্ঘ সময় অপেক্ষা করেও তাদের ফিরে আসতে না দেখে বিষয়টি ফয়ছলকে জানান তার দুই বোন।

তামান্নার অভিযোগ, কনেকে দেওয়া স্বর্ণালংকারের মধ্যে গলার হার, চেইন, হাতের বালা ও আংটি ছিল। এসব গহনার পাশাপাশি নগদ সাত হাজার টাকা, শাড়ি এবং বিয়ের জন্য কেনা নতুন পোশাকও নিয়ে গেছেন অভিযুক্তরা।

তামান্না বলেন, তাদের পরিবারের কেউ আগে রংপুরে আসেননি। শহরের রাস্তাঘাট সম্পর্কেও তাদের কোনো ধারণা ছিল না। দীর্ঘদিনের পরিচয় ও সম্পর্কের কারণে সুমিকে বিশ্বাস করেছিলেন তারা। কিন্তু সেই বিশ্বাসের সুযোগ নিয়ে এমন প্রতারণার শিকার হবেন, তা কল্পনাও করেননি।

ফয়ছল আহমেদ বলেন, ছোট বোন তামান্নাই তার বিয়ের পুরো আয়োজন করেছিল। বোনের প্রতি যেমন তার আস্থা ছিল, তেমনি তামান্নারও সুমি আক্তারের ওপর বিশ্বাস ছিল। সেই বিশ্বাস থেকেই এত দূর এসে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে।

এদিকে, বিয়ের জন্য কামাল কাছনা এলাকার আগামীর চাষি কমিউনিটি সেন্টার ভাড়া নেওয়ার কথা ছিল। প্রতিষ্ঠানটির অপারেশন ব্যবস্থাপক রাকিবুল ইসলাম জানান, সাধারণত অনুষ্ঠান আয়োজনের জন্য অন্তত এক সপ্তাহ আগে বুকিং এবং নির্ধারিত ভাড়া পরিশোধ করতে হয়। তবে ঘটনার দিন সকালে কনেপক্ষের পরিচয়ে তিনজন এসে জরুরি ভিত্তিতে হল ভাড়া নেওয়ার অনুরোধ করেন।

তাদের বক্তব্য ছিল, বিয়েতে বরসহ ১০ থেকে ১২ জন অতিথি আসার কথা থাকলেও শেষ পর্যন্ত ৪২ থেকে ৪৩ জন এসেছেন। বিষয়টি বিবেচনায় নিয়ে মানবিক কারণে তাদের অনুষ্ঠান আয়োজনের সুযোগ দেওয়া হয়।

রাকিবুল ইসলাম জানান, কমিউনিটি সেন্টারের ভাড়া ৪২ হাজার টাকা এবং দুপুরের খাবারের জন্য প্রায় ৪০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছিল। টাকা পরিশোধের কথা বললে কনেপক্ষের লোকজন ব্যাংক থেকে টাকা তুলে দেওয়ার আশ্বাস দেন। কিন্তু পরে প্রতারণার বিষয়টি সামনে আসে। কমিউনিটি সেন্টারের ভাড়া পরিশোধ তো দূরের কথা, খাবার পরিবেশনের আয়োজনও শেষ পর্যন্ত করা হয়নি। অভিযুক্তদের পাওয়া গেলে প্রতিষ্ঠানের পাওনা আদায়ের চেষ্টা করা হবে বলে জানান তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button