বাংলাদেশ

‘ডিসেম্বরের পরও চাকরি করতে হবে’, ওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বাংলা টিভি ডেস্ক: রাজশাহীর মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমানকে মুঠোফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা রাকায়েদ হোসেন রুকুর বিরুদ্ধে। এ ঘটনায় দুজনের কথোপকথনের ২ মিনিট ২৯ সেকেন্ডের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। অডিওতে রুকুকে ওসির উদ্দেশে বলতে শোনা যায়, ‘ডিসেম্বরের পরেও আপনাদের চাকরি করতে হবে।’

শনিবার (১৪ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন।

ছড়িয়ে পড়া অডিওতে শোনা যায়, প্রথমে রুকু ফোন করে ওসি আতিকুর রহমানের সঙ্গে কথা বলেন এবং তাঁর খোঁজখবর নেন। এ সময় ওসি জানান, তিনি ভালো আছেন এবং গত ৪ নভেম্বর মোহনপুর থানায় যোগ দিয়েছেন।

কথোপকথনের একপর্যায়ে রুকু নিজেকে ওই এলাকার পরিচিত ব্যক্তি হিসেবে উল্লেখ করেন। তিনি ওসিকে অতিথি হিসেবে অভিহিত করে বলেন, তাঁরা অতিথির সম্মান দিতে চান। পাশাপাশি মোহনপুর থানা ছাত্রলীগের মিছিল ডিসেম্বর পর্যন্ত চলবে বলেও উল্লেখ করেন তিনি।

রুকু ওসিকে আরও বলেন, এলাকার কোনো নেতাকর্মীকে যেন হয়রানি করা না হয়। জবাবে ওসি বলেন, কাউকে হয়রানি করা হচ্ছে না। মোহনপুর ছোটখাটো এলাকা, এসব করে কোনো লাভ নেই।

এরপর রুকু পুলিশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, আগের সরকারের আমলে পুলিশ যতটা নিরাপদ ছিল, বর্তমানে ততটা নিরাপত্তা পাচ্ছে কি না। একই সঙ্গে পুলিশ হত্যার বিচারের দাবিও জানান তিনি।

কথোপকথনের শেষদিকে রুকু বলেন, তাঁদের কোনো কর্মীকে অযথা হয়রানি করা হলে ডিসেম্বরের পরও ওসিকে চাকরি করতে হবে এবং তাঁকে আবার মোহনপুর থানায় নিয়ে আসবেন। নতুন ওসি হিসেবে তাঁকে সম্মান করতে চান বলেও উল্লেখ করেন তিনি।

এ বিষয়ে বক্তব্য জানতে ওসি আতিকুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন জানান, বিষয়টি পুলিশ অবগত রয়েছে। বিভিন্ন স্থান থেকে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের মুঠোফোনে হুমকি দেওয়ার ঘটনা ঘটছে। পুলিশ সুপার বর্তমানে ছুটিতে রয়েছেন। তিনি কর্মস্থলে ফিরলে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button