বাংলাদেশ

‘৫ বছরে ক্যান্সার চিকিৎসা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চায় সরকার’

বাংলা টিভি ডেস্ক: আগামী পাঁচ বছরের মধ্যে দেশের সাধারণ মানুষের কাছে ক্যান্সার চিকিৎসাসেবা সহজলভ্য করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এমএ মুহিত।

তিনি বলেন, বাংলাদেশে ব্রেস্ট ক্যান্সার, কলোরেক্টাল ক্যান্সার ও ওরাল ক্যান্সারের প্রকোপ তুলনামূলক বেশি। এসব রোগ প্রতিরোধে শুরু থেকেই সচেতনতা তৈরি এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি। এ জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবায় কর্মরত ব্যক্তিদের বিশেষ প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের।

বুধবার (১৪ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ‘বাংলাদেশে ক্যান্সার চিকিৎসাসেবা শক্তিশালীকরণ শীর্ষক জাতীয় পর্যায়ের অংশীজন পরামর্শ সভা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশে ক্যান্সারবিষয়ক নীতিমালা তৈরি ও তা বাস্তবায়নের ক্ষেত্রে এই পরামর্শ সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকার ইতোমধ্যে দেশের প্রতিটি বিভাগীয় শহরে ক্যান্সার হাসপাতাল স্থাপনের ঘোষণা দিয়েছে। পাশাপাশি রোগ প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম, নিয়মিত স্ক্রিনিং এবং প্রাথমিক পর্যায়ে ক্যান্সার শনাক্তের সুযোগ সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে।

ক্যান্সার প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরে ড. এমএ মুহিত বলেন, এ ধরনের জটিল স্বাস্থ্য সমস্যা মোকাবিলা শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের একক প্রচেষ্টায় সম্ভব নয়। এ ক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব দপ্তর ও মন্ত্রণালয়ের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন।

তিনি আরও জানান, ক্যান্সার প্রতিরোধ ও চিকিৎসা ব্যবস্থাপনাকে কার্যকর করতে সরকার ‘ন্যাশনাল ক্যান্সার কন্ট্রোল প্রোগ্রাম’ এবং ‘ন্যাশনাল ক্যান্সার কন্ট্রোল কাউন্সিল’ গঠনের উদ্যোগ নেবে। এসব কাঠামোর মাধ্যমে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন, বাস্তবায়ন এবং বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় জোরদার করা সম্ভব হবে।

স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব একেএম বেনজামিন রিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন। এ ছাড়া স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব শেখ মোমেনা মণি, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোস্তাফা আজিজ সুমন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ড. এন্থনি এশোফনিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button