আন্তর্জাতিকইন্ডিয়া

গৃহবন্দি করা হলো থ্রি ইডিয়টস ছবির ‘বাস্তব চরিত্র’ সোনম ওয়াংচুকে

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের জনপ্রিয় চলচ্চিত্র ‘থ্রি ইডিয়টস’-এর রাঞ্চো চরিত্রের বাস্তব অনুপ্রেরণা হিসেবে পরিচিত সোনম ওয়াংচুকে ৬০ দিনের জন্য গৃহবন্দি করেছে দেশটির প্রশাসন। এ সময়ে কোনো ধরনের র‌্যালি, মিছিল কিংবা জনসমাবেশে অংশ নিতে পারবেন না তিনি।

রোববার (১৫ নভেম্বর) লেহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ সংক্রান্ত নির্দেশনা জারি করেন।

আগামী ৪ ডিসেম্বর লাদাখে কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে এই নির্বাচন নিয়ে আপত্তি জানিয়ে আসছেন সোনম ওয়াংচুসহ বিভিন্ন স্থানীয় সংগঠনের প্রতিনিধিরা। এ নিয়ে গতকাল একটি আন্দোলন কর্মসূচিতেও অংশ নেন তিনি। সেখান থেকে তাকে সরিয়ে দেওয়ার একদিন পরই গৃহবন্দির নির্দেশ দেওয়া হলো।

প্রশাসনের পক্ষ থেকে জারি করা আদেশে পুলিশের প্রতিবেদন এবং লেহের পুলিশ প্রধানের পাঠানো একটি চিঠির উল্লেখ করা হয়েছে। ওই চিঠিতে সোনম ওয়াংচুর চলাচলের ওপর বিধিনিষেধ আরোপের অনুরোধ জানিয়েছিলেন পুলিশ প্রধান।

নির্দেশনা অনুযায়ী, রোববার থেকেই তার গৃহবন্দির মেয়াদ কার্যকর হয়েছে এবং পরবর্তী ৬০ দিন এ বিধিনিষেধ বহাল থাকবে।

নিজের গৃহবন্দি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সোনম ওয়াংচু। তিনি জানান, তার বাড়ির চারপাশে কয়েক ডজন পুলিশ সদস্য অবস্থান নিয়েছেন।

এদিকে, আগামী ৪ ডিসেম্বরের কাউন্সিল নির্বাচন নিয়ে আপত্তির কারণ ব্যাখ্যা করে ওয়াংচু ও অন্যান্য অধিকারকর্মীরা জানিয়েছেন, ওই সময়ে লাদাখে প্রচণ্ড শীত থাকবে। পাশাপাশি অনেক মানুষ অন্যত্র চলে যাওয়ায় নির্বাচনে ভোটার উপস্থিতি ও অংশগ্রহণ প্রভাবিত হতে পারে বলে তাদের আশঙ্কা।

সোনম ওয়াংচু ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করে আসছেন। কয়েক মাস আগে দিল্লিতে সাবেক শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বিরুদ্ধে আয়োজিত আন্দোলনেও তিনি সক্রিয়ভাবে অংশ নেন। এ ছাড়া লাদাখের পরিবেশ সংরক্ষণ ও স্থানীয় জনগণের অধিকার নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন তিনি।

সূত্র: এনডিটিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button