আন্তর্জাতিক

১০৫ বছর বয়সে মারা গেলেন ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ ওয়াহিদ

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রখ্যাত শিয়া ধর্মীয় নেতা ও কোম সেমিনারির জ্যেষ্ঠ অধ্যাপক গ্র্যান্ড আয়াতুল্লাহ শেখ হুসেইন ওয়াহিদ খোরাসানি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৫ বছর।

মঙ্গলবার (১৭ নভেম্বর) তার দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। বিবৃতিতে বলা হয়েছে, বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতার কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই ধর্মীয় ব্যক্তিত্ব।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে ইরাকের ঐতিহ্যবাহী নাজাফ সেমিনারি। শোকের অংশ হিসেবে প্রতিষ্ঠানটি আজ ও আগামীকাল দুই দিনের জন্য সব ধরনের পাঠদান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।

এক শোকবার্তায় নাজাফ সেমিনারি জানায়, বিশিষ্ট এই ধর্মীয় নেতার প্রয়াণে গভীর শোক প্রকাশ করে দুই দিন ‘মুসাফিরের নামাজ’ বিষয়ক পাঠদান স্থগিত রাখা হয়েছে। একই সঙ্গে তার মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

শিক্ষাজীবন ও ধর্মীয় অবদান

১৯২১ সালে ইরানের মাশহাদ শহরে জন্মগ্রহণ করেন শেখ হুসেইন ওয়াহিদ খোরাসানি। জন্মস্থানেই তার প্রাথমিক ধর্মীয় শিক্ষার হাতেখড়ি। পরবর্তী সময়ে উচ্চতর ধর্মীয় শিক্ষা অর্জনের উদ্দেশ্যে ইরাকের নাজাফে যান। সেখানে নাজাফ সেমিনারিতে অধ্যয়ন করেন এবং প্রখ্যাত গ্র্যান্ড আয়াতুল্লাহ আবুল কাসিম আল-খোয়ির অন্যতম প্রধান শিষ্য হিসেবে পরিচিতি লাভ করেন।

ধর্মীয় শিক্ষায় ‘ইজতিহাদ’ পর্যায়ে পৌঁছানোর পর তিনি ইরানের মাশহাদে ফিরে আসেন। পরে কোম শহরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। জীবনের দীর্ঘ সময় কোম সেমিনারিতে ইসলামি ফিকাহ এবং উসুলুল ফিকাহ বিষয়ে অধ্যাপনা করেছেন তিনি।

শিয়া ধর্মীয় শিক্ষাঙ্গনে দীর্ঘদিনের অধ্যাপনা ও ধর্মীয় জ্ঞানের কারণে শেখ হুসেইন ওয়াহিদ খোরাসানি বিশেষ মর্যাদা অর্জন করেছিলেন।

সূত্র: ইরনা

সংশ্লিষ্ট খবর

Back to top button