মালদ্বীপে কর্মক্ষেত্রে গুরুতর আহত রাজশাহীর শামিনুল, দেখতে হাসপাতালে হাইকমিশনার

সোহেল রানা, মালদ্বীপ প্রতিনিধি: মালদ্বীপে নির্মাণাধীন একটি রিসোর্টে কাজ করার সময় গুরুতর আহত প্রবাসী বাংলাদেশি মো. শামিনুল ইসলামকে (৫০) দেখতে হাসপাতালে গিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানী মালের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে (আইজিএমএইচ) গিয়ে তিনি শামিনুলের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে তাঁর চিকিৎসার বিষয়ে কথা বলেন। এ সময় উন্নত চিকিৎসার জন্য তাঁকে দ্রুত বাংলাদেশে পাঠানোর আশ্বাস দেন হাইকমিশনার।
জানা যায়, জীবিকার সন্ধানে ঋণ নিয়ে গত বছরের জুলাই মাসে মালদ্বীপে পাড়ি জমান রাজশাহীর শামিনুল ইসলাম। শুরু থেকেই কাজের অনিশ্চয়তায় পড়েন তিনি। পরে বিভিন্ন নির্মাণপ্রতিষ্ঠানে কাজ করে কোনোভাবে নিজের ও পরিবারের খরচ চালিয়ে আসছিলেন। ভালো বেতনের আশায় গত ৪ নভেম্বর ‘আমান মালদ্বীপ’ নামের একটি নির্মাণাধীন রিসোর্টে কাজে যোগ দেন তিনি।
গত ১০ নভেম্বর সহকর্মীদের সঙ্গে কাজ করার সময় নির্মাণাধীন ভবনের নিচে প্লাইউডের কাজ করছিলেন শামিনুল। এ সময় ভবনের ওপর থেকে এক সহকর্মী নির্মাণসামগ্রীসহ তাঁর ওপর পড়ে যান। এতে শামিনুল ও তাঁর সহকর্মী দুজনই আহত হন। পরে তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা শামিনুলের পাঁজরের হাড় ভেঙে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজধানীর আইজিএমএইচ-এ স্থানান্তর করা হয়। অন্যদিকে, আহত সহকর্মী স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, উন্নত চিকিৎসার জন্য শামিনুলকে বাংলাদেশে নেওয়ার প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন চিকিৎসকেরা।
এদিকে, শামিনুলের গুরুতর শারীরিক অবস্থা এবং উন্নত চিকিৎসার প্রয়োজনীয়তা বিবেচনায় তাঁকে দ্রুত দেশে ফিরিয়ে নেওয়ার জন্য বাংলাদেশ হাইকমিশনের সহযোগিতা চেয়েছে তাঁর পরিবার।
পরিবারের আবেদনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম শামিনুলের চিকিৎসা ও দেশে ফেরার বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তিনি জানান, একজন অসহায় প্রবাসী শ্রমিকের এমন সংকটময় সময়ে তাঁর পাশে দাঁড়ানো এবং সুচিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। মানবিক বিবেচনায় শামিনুলকে দ্রুত দেশে পাঠানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে হাইকমিশন।
উল্লেখ্য, শামিনুল ইসলাম রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার সফলগাছা গ্রামের মো. মোশারফ হোসাইনের ছেলে। তাঁর স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।



