আধ্যাত্মিক গুরু ওশোর চরিত্রে অভিনয় করতে চাই: নওয়াজউদ্দীন

বিনোদন ডেস্ক: বলিউডের অন্যতম পরিচিত অভিনেতা নওয়াজউদ্দীন সিদ্দিকী বরাবরই ভিন্নধর্মী চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের নজর কেড়েছেন। পর্দায় নানা রূপে নিজেকে তুলে ধরা এই অভিনেতা এবার জানিয়েছেন নতুন এক চরিত্রে অভিনয়ের আগ্রহের কথা। সুযোগ পেলে আধ্যাত্মিক গুরু ওশোর ভূমিকায় অভিনয় করতে চান তিনি।
তবে অভিনয়ের প্রতি আগ্রহ থাকলেও চলচ্চিত্র পরিচালনার কোনো ইচ্ছা নেই বলে স্পষ্ট জানিয়েছেন নওয়াজউদ্দীন। সম্প্রতি একটি অনুষ্ঠানে সাক্ষাৎকার দিতে গিয়ে নিজের অভিনয় ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।
সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, বাস্তব জীবনের কোনো ব্যক্তিত্বকে পর্দায় ফুটিয়ে তোলার সুযোগ পেলে কাকে বেছে নেবেন? উত্তরে অভিনেতা সরাসরি ওশোর নাম উল্লেখ করেন।
ওশোর প্রতি নিজের আগ্রহের কারণ ব্যাখ্যা করে নওয়াজউদ্দীন জানান, এই আধ্যাত্মিক গুরুর জীবনদর্শন, ব্যক্তিত্ব, চিন্তাভাবনা এবং জীবনযাপনের ধরন তাকে বিশেষভাবে আকৃষ্ট করে। তাই সুযোগ পেলে ওশোর চরিত্রে অভিনয় করতে আগ্রহী তিনি।
নওয়াজউদ্দীনের এমন ইচ্ছার কথা প্রকাশ্যে আসার পর থেকেই বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হয়েছে। ওশোর জীবন, দর্শন এবং নানা বিতর্কিত অধ্যায় নিয়ে চলচ্চিত্র নির্মিত হলে সেখানে অভিনেতাকে কেমন দেখা যাবে, তা নিয়েও কৌতূহল তৈরি হয়েছে ভক্তদের মধ্যে। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো সিনেমা নির্মাণের ঘোষণা আসেনি।
অন্যদিকে, চলচ্চিত্র পরিচালনা নিয়ে নিজের অনাগ্রহের কথাও জানিয়েছেন এই অভিনেতা। তার ভাষায়, পরিচালনার কাজ তার পছন্দের জায়গা নয়। বরং অভিনয়ের মধ্যেই নিজের ভবিষ্যৎ দেখতে চান তিনি।
নওয়াজউদ্দীন আরও জানান, জীবনের বাকি সময়টাও অভিনয়ের সঙ্গে যুক্ত থাকতে চান। একজন দক্ষ অভিনেতা হিসেবে নিজেকে আরও সমৃদ্ধ করাই তার মূল লক্ষ্য। তাই পরিচালকের দায়িত্ব নেওয়ার পরিবর্তে ক্যামেরার সামনে থেকেই দর্শকদের জন্য কাজ করে যেতে চান তিনি।
উল্লেখ্য, ওশোর জন্ম ১৯৩১ সালের ১১ ডিসেম্বর ভারতের মধ্যপ্রদেশের কুচওয়াড়ায়। তার প্রকৃত নাম ছিল চন্দ্রমোহন জৈন। তিনি ভগবান শ্রী রজনীশ নামেও পরিচিত ছিলেন। আধ্যাত্মিকতা, ধ্যান, প্রেম, সম্পর্ক ও ব্যক্তিস্বাধীনতা বিষয়ে তার বক্তব্য বিশ্বজুড়ে বহু মানুষের দৃষ্টি আকর্ষণ করে।
১৯৭৪ সালে ভারতের পুনেতে একটি আশ্রম প্রতিষ্ঠা করেন ওশো। পরবর্তী সময়ে ১৯৮১ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। সেখানে তার অনুসারীরা তার নামে একটি বসতি গড়ে তোলেন। তবে বিভিন্ন আইনি জটিলতা ও বিতর্কের কারণে ১৯৮৫ সালে যুক্তরাষ্ট্র ছাড়তে হয় তাকে। পরে ভারতে ফিরে ১৯৯০ সালের ১৯ জানুয়ারি পুনেতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন এই আধ্যাত্মিক গুরু।



