ইরানে ‘অত্যন্ত ভালো করছে’ যুক্তরাষ্ট্র: ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের অগ্রগতির প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ‘অত্যন্ত ভালো করছে’ বলে মন্তব্য করলেও ঠিক কোন ক্ষেত্রে এমন সাফল্য এসেছে, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেননি তিনি।
বুধবার (১৮ নভেম্বর) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোসের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন ট্রাম্প। চীনে অনুষ্ঠেয় আসন্ন আলোচনার আগে দুই নেতার এই বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় দক্ষিণ চীন সাগরের আঞ্চলিক বিরোধ এবং পশ্চিম ফিলিপাইন সাগরের উত্তেজনা নিয়েও কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। তবে এ পরিস্থিতি নিয়ে তিনি উদ্বিগ্ন নন বলে জানান।
যুক্তরাষ্ট্র ও ফিলিপাইনের দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে ট্রাম্প বলেন, দুই দেশের প্রতিরক্ষা জোট বর্তমানে আগের যেকোনো সময়ের তুলনায় শক্তিশালী। ম্যানিলার সঙ্গে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতা আরও বিস্তৃত করার উদ্যোগ নিয়েছে ওয়াশিংটন বলেও জানান তিনি।
জ্বালানি খাতের সহযোগিতা নিয়েও আশাবাদ প্রকাশ করেন ট্রাম্প। তিনি বলেন, পারমাণবিক জ্বালানি খাতে যুক্তরাষ্ট্র ও ফিলিপাইন বড় ধরনের যৌথ উদ্যোগ নিতে পারে। একই সঙ্গে আলাস্কার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) প্রকল্পে ফিলিপাইনকে সম্ভাব্য অংশীদার হিসেবে দেখছেন বলেও ইঙ্গিত দেন তিনি।
এদিকে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (অ্যাপেক) সিইও সামিটে বক্তব্য দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখানে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পরিকল্পিত বৈঠক নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। ওই বৈঠক থেকে গুরুত্বপূর্ণ ও ইতিবাচক ফলাফল আসতে পারে বলে প্রত্যাশা করছেন তিনি।
সূত্র: জর্ডান নিউজ



