পেট্রল বোমা ও ককটেলসহ গ্রেপ্তার ৫

বাংলা টিভি ডেস্ক: গাজীপুরের কালিয়াকৈরে পুলিশের বিশেষ অভিযানে পাঁচটি পেট্রল বোমা ও পাঁচটি ককটেলসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার সফিপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে ইবনে সিনা কারখানার সামনে নাশকতার চেষ্টার অভিযোগে প্রথমে বিপ্লব ও মান্নান নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পূর্ব চান্দরা এলাকায় অভিযান চালায় পুলিশ।
এ সময় কালিয়াকৈর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড থেকে ইফতি, আশিক হোসেন ও হাসেম সিকদারকে গ্রেপ্তার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে পাঁচটি পেট্রল বোমা ও পাঁচটি ককটেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া ঘটনাস্থলে নিক্ষেপ করা পেট্রল বোমার ভাঙা কাচের টুকরাও উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার তাদের আদালতে পাঠানোর পাশাপাশি ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পেট্রল বোমা ও ককটেলসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে। ১০ দিনের রিমান্ড চেয়ে আসামিদের আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।



