ব্যতিক্রম রূপে মেহজাবীন, নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া

বিনোদন ডেস্ক: কয়েক দিন আগেই লাল শাড়িতে নববধূর সাজে ভক্তদের নজর কেড়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ঐতিহ্যবাহী সাজে তাঁর সৌন্দর্য মুগ্ধ করেছিল অনুরাগীদের। তবে সেই রেশ কাটতে না কাটতেই এবার একেবারে ভিন্ন অবতারে হাজির হয়েছেন এই অভিনেত্রী। পশ্চিমা ফ্যাশনে তাঁর নতুন লুক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা।
রবিবার (২২ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেন মেহজাবীন। ছবিগুলোতে তাঁকে কালো রঙের স্লিভলেস বডিকন পোশাকে দেখা গেছে। এর সঙ্গে ছিল কালো লেদারের জ্যাকেট। খোলা ভেজা চুল, ক্যাট-আই সানগ্লাস এবং হালকা মেকআপে তাঁর পুরো সাজে ফুটে উঠেছে আধুনিক ও সাহসী ফ্যাশনের ছাপ।
তবে এই বিশেষ সাজের পেছনে রয়েছে জনপ্রিয় ভিডিও গেম ‘জিটিএ’র অনুপ্রেরণা। অভিনেত্রী নিজেই জানিয়েছেন, গেমটির আদলেই এমন লুকে নিজেকে উপস্থাপন করেছেন তিনি। ছবির সঙ্গে যুক্ত করেছেন ‘জিটিএ ৬’-এর গান ‘ফ্লাওয়ার ইন আ হারিকেন’। গানটিতে কণ্ঠ দিয়েছেন জাস্টিস, টামে ইম্পালা, এসজেএ এবং কিং গিজার্ড অ্যান্ড দ্য লিজার্ড উইজার্ডের শিল্পীরা।
মেহজাবীনের এমন ব্যতিক্রমী উপস্থিতি দেখে অনেক ভক্তই বিস্ময় প্রকাশ করেছেন। ছবির মন্তব্যের ঘরে কেউ তাঁর পোশাক নিয়ে কটাক্ষ করেছেন, আবার কেউ বিদেশি তারকাদের অনুকরণের অভিযোগ তুলেছেন। কয়েকজন তাঁকে অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে তুলনাও করেছেন। তবে এসব নেতিবাচক মন্তব্যে কোনো প্রতিক্রিয়া জানাননি মেহজাবীন।
এদিকে অভিনয়জীবনে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন এই অভিনেত্রী। বর্তমানে সিনেমায় বেশি মনোযোগ দিচ্ছেন তিনি। সম্প্রতি স্বামী আদনান আল রাজীবের পরিচালনায় প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অপলক’-এ যুক্ত হয়েছেন মেহজাবীন। রোম্যান্টিক ঘরানার এই সিনেমায় তাঁর বিপরীতে অভিনয় করবেন আফরান নিশো।
নতুন সাজে ভক্তদের চমকে দেওয়ার পাশাপাশি বড় পর্দার কাজ নিয়েও এখন আলোচনায় রয়েছেন মেহজাবীন।



