একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বামী-সন্তানের পর চলে গেলেন তানিয়াও

বাংলা টিভি ডেস্ক: কক্সবাজারের রামুর দক্ষিণ মিঠাছড়ি রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা দুর্ঘটনার ঘটনায় চিকিৎসাধীন তানিয়া সুলতানাও (২০) মারা গেছেন। স্বামী ও ছয় মাসের শিশুকন্যাসহ পরিবারের চার সদস্যের মৃত্যুর পর এবার প্রাণ হারালেন তিনিও। এ নিয়ে ভয়াবহ ওই দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজনের মৃত্যু হলো।
সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পারিবারিক স্বজন মুহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত তানিয়া দক্ষিণ মিঠাছড়ির কাইম্যার ঘোনার বাসিন্দা সাজ্জাদ পারভেজ রুবেলের স্ত্রী। গত শুক্রবার বিকেল ৩টার দিকে রামুর দক্ষিণ মিঠাছড়ি রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় তাঁদের বহনকারী অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান তানিয়ার স্বামী রুবেল, ছয় মাস বয়সী মেয়ে ইলহাম, ননদ কাশিফা এবং ভাগিনা সাহিল। গুরুতর আহত অবস্থায় তানিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছিল।
পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, দুর্ঘটনার পর তানিয়াকে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় শনিবার ভোরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকলেও তাঁর জ্ঞান ফেরেনি।
রুবেলের জেঠাতো ভাই মুহাম্মদ ফারুক জানান, চিকিৎসকরা সোমবার সকালে তানিয়াকে মৃত ঘোষণা করেন। একই দুর্ঘটনায় তাঁর চাচার পরিবারের পাঁচজনকে হারিয়েছেন তাঁরা। দুর্ঘটনায় আহত কাশিফার আরেক ছেলেও এখন চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বেড়াতে যাওয়ার পথেই মর্মান্তিক দুর্ঘটনা
পরিবারের সদস্যরা জানান, শুক্রবার জোহরের নামাজের পর রুবেল স্ত্রী, সন্তানসহ পরিবারের অন্য সদস্যদের নিয়ে ছোট বোন রিয়া মনির শ্বশুরবাড়ি উমখালীতে বেড়াতে যাচ্ছিলেন। তিন শিশুসহ সবাই সিএনজিচালিত অটোরিকশায় করে রওনা হয়েছিলেন। পথে দক্ষিণ মিঠাছড়ি রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়।
দুর্ঘটনার পর ঘটনাস্থলের আশপাশে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে ছিল শিশুদের জুতা, পোশাক, উপহারসামগ্রী ও একটি লাগেজ। আনন্দের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়া পরিবারটির যাত্রা শেষ হয় ভয়াবহ এক ট্র্যাজেডিতে।
মুহাম্মদ ফারুকের ভাষ্য অনুযায়ী, তাঁদের বাড়ি থেকে গন্তব্যের দূরত্ব খুব বেশি ছিল না। অটোরিকশায় যেতে সময় লাগত ১৫ থেকে ২০ মিনিট। রেলক্রসিং পার হওয়ার পর বাকি পথ ছিল মাত্র আধা কিলোমিটার। ট্রেন যাওয়ার অপেক্ষায় কয়েক মিনিট দাঁড়ালেই দুর্ঘটনাটি এড়ানো সম্ভব হতে পারত বলে মনে করছেন স্বজনেরা।
রেলক্রসিংয়ের নিরাপত্তা নিয়ে প্রশ্ন
কক্সবাজার আইকনিক রেলস্টেশনের স্টেশনমাস্টার জয়নাল আবেদিন জানান, ট্রেনের হর্ন বাজানোর পরও চালকের অসতর্কতা ও অধৈর্যের কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে।
এদিকে রামুর মাছুয়াখালী, রশিদনগরসহ বিভিন্ন রেলক্রসিংয়ে অতীতেও ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা ও টমটম দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় প্রাণহানিও হয়েছে। কয়েকটি ক্রসিংয়ে গেটম্যান কিংবা পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা না থাকার অভিযোগও রয়েছে।
কক্সবাজারের জেলা প্রশাসক এম এ মান্নান জানিয়েছেন, রেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ঝুঁকিপূর্ণ রেলক্রসিংগুলোতে গেটম্যান নিয়োগ এবং প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।
একই পরিবারের পাঁচ সদস্যের এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনাটি আবারও রেলক্রসিংয়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করার প্রয়োজনীয়তা সামনে এনেছে।



