বাংলাদেশ

কালিয়াকৈরে ৪ নারী ছিনতাইকারী আটক

বাংলা টিভি ডেস্ক: গাজীপুরের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ছিনতাইয়ের সময় চার নারীকে আটক করেছে পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) সকালে রোগী ও স্বজনদের ভিড়ের মধ্যে এক নারীর স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন ও হাসপাতালের নিরাপত্তাকর্মীরা তাঁদের ধরে ফেলেন।

আটক নারীরা হলেন মরিয়ম আক্তার (২২), আয়শা বেগম (৪০), ছায়মা বেগম (৪৫) ও জান্নাত খাতুন (২১)। তাঁরা উপজেলার চন্দ্রা এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। অভিযোগ রয়েছে, বিভিন্ন সময়ে ছদ্মবেশ ধারণ করে তাঁরা ছিনতাই করতেন।

হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে, এই নারী চক্রটি দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় ছিনতাই করে আসছিল। বিশেষ করে ব্যস্ত হাসপাতাল ও জনসমাগমপূর্ণ স্থানে নারীদের স্বর্ণালংকার, মোবাইল ফোন ও টাকা হাতিয়ে নেওয়াই ছিল তাদের লক্ষ্য।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে রোগী ও স্বজনদের ভিড়ের সুযোগ নিয়ে এক নারীর গলার চেইন ও কানের দুল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন তাঁরা। বিষয়টি বুঝতে পেরে স্থানীয় লোকজন ও দায়িত্বে থাকা আনসার সদস্যরা চার নারীকে আটক করেন। এ সময় উত্তেজিত জনতা তাঁদের মারধরও করে।

পরে পুলিশকে খবর দেওয়া হলে দুপুরে ঘটনাস্থল থেকে চারজনকে থানায় নিয়ে যাওয়া হয়। তাঁদের বিরুদ্ধে আগেও ছিনতাইয়ের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম চার নারীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button