‘একে একে সব ভিলেন মারা যাবে’, শেষ দৃশ্যের আগেই বিদায় নিলেন সোহেল খান

বিনোদন ডেস্ক: সিনেমার গল্পে চার খলনায়কের একজন ছিলেন তিনি। চিত্রনাট্য অনুযায়ী, শেষ পর্যন্ত মৃত্যুর মধ্য দিয়েই শেষ হওয়ার কথা ছিল তার চরিত্রের। কিন্তু পর্দায় নিজের মৃত্যুদৃশ্যের শুটিং করার আগেই না ফেরার দেশে চলে গেলেন অভিনেতা সোহেল খান। ৬৬ বছর বয়সে তার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ‘নসীব’ সিনেমার পুরো শুটিং ইউনিটে।
পরিচালক মোহাম্মদ ইকবাল জানিয়েছেন, সিনেমাটিতে সোহেল খানের আরও তিন থেকে চারটি দৃশ্যের কাজ বাকি ছিল। এর মধ্যে ছিল তার চরিত্রের মৃত্যুর দৃশ্যও। দুই-তিন দিনের মধ্যে বগুড়ায় শুটিং শেষ করে ঢাকায় ফেরার পরিকল্পনা ছিল অভিনেতার।
আরশাদ আদনানের প্রযোজনায় নির্মিত ‘নসীব’ সিনেমার শেষ পর্যায়ের শুটিং চলছিল বগুড়ায়। এতে বলিউড অভিনেতা মুকেশ ঋষি ও বাপ্পারাজের সঙ্গে বেশ কয়েকটি দৃশ্যে অভিনয় করেছিলেন সোহেল খান। মঙ্গলবার (২৪ নভেম্বর) তার শুটিংয়ের শিডিউলও নির্ধারিত ছিল। কিন্তু দিনের শুরুতেই ঘটে যায় মর্মান্তিক ঘটনা।
নাশতার পর কক্ষে ফিরে আর ওঠেননি
পরিচালক মোহাম্মদ ইকবাল জানান, মঙ্গলবার সকালে সহকর্মীদের সঙ্গে নাশতা করেন সোহেল খান। এরপর মেকআপ নেওয়ার জন্য বগুড়ার মম ইন হোটেলে নিজের কক্ষে ফিরে যান তিনি।
কিছুক্ষণ পর শুটিংয়ের জন্য তাকে ডাকতে গিয়ে সহকারী পরিচালক রাজু কক্ষের ভেতরে তাকে পড়ে থাকতে দেখেন। তার চিৎকার শুনে আশপাশের কক্ষ থেকে অন্য সহকর্মীরা ছুটে আসেন।
অভিনেতা এল আর খান সীমান্ত জানান, কক্ষে গিয়ে তারা সোহেল খানের নাড়ির স্পন্দন পাচ্ছিলেন না। পরিস্থিতি বুঝতে পেরে তিনি ও মেকআপশিল্পী বাবু তাৎক্ষণিকভাবে সিপিআর দেওয়ার চেষ্টা করেন। পরে দ্রুত গাড়ির ব্যবস্থা করে তাকে হাসপাতালে নেওয়া হয়।
তবে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের মৃত্যুসনদে মৃত্যুর কারণ হিসেবে কার্ডিয়াক অ্যারেস্টের কথা উল্লেখ করা হয়েছে।
নিজের চরিত্রের মৃত্যু নিয়ে করেছিলেন রসিকতা
‘নসীব’ সিনেমায় চার খলচরিত্রে অভিনয় করছেন মুকেশ ঋষি, বাপ্পারাজ, সোহেল খান ও মুকিত জাকারিয়া। পরিচালক জানিয়েছেন, সিনেমার গল্পে পর্যায়ক্রমে চারটি চরিত্রেরই মৃত্যু হবে।
গত শুক্রবার রাতে বগুড়ার মম ইন হোটেলের লবিতে সিনেমাটি নিয়ে আলোচনার সময় নিজের চরিত্রের পরিণতি নিয়েও রসিকতা করেছিলেন সোহেল খান। মুকেশ ঋষির সঙ্গে কাজের অভিজ্ঞতা এবং অন্য সহশিল্পীদের সঙ্গে অভিনয়ের প্রসঙ্গে মজা করে বলেছিলেন, ‘একে একে সব ভিলেন মারা যাবে।’
ঈদে সিনেমাটি মুক্তি পেলে দর্শকেরা উপভোগ করবেন বলেও আশা প্রকাশ করেছিলেন তিনি। কিন্তু সিনেমার পর্দায় নিজের চরিত্রের শেষ পরিণতি দেখার আগেই বাস্তবেই থেমে গেল তার জীবন।
বন্ধু মুকিতের সঙ্গে একসঙ্গে ফেরার কথা ছিল ঢাকায়
মোস্তফা কামাল রাজ পরিচালিত ধারাবাহিক ‘ফ্যামিলি ক্রাইসিস’-এ একসঙ্গে কাজ করার সুবাদে সোহেল খান ও মুকিত জাকারিয়ার পরিচয়। সেই পরিচয় থেকে গড়ে উঠেছিল ১৪ বছরেরও বেশি সময়ের বন্ধুত্ব।
‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে দুজনই বগুড়ায় এসেছিলেন। একই হোটেলে পাশাপাশি কক্ষে থাকছিলেন তারা। শুটিং শেষ করে একসঙ্গে ঢাকায় ফেরার পরিকল্পনাও ছিল তাদের।
বন্ধুর আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছেন মুকিত জাকারিয়া। শোক প্রকাশ করে তিনি বলেন, ‘একসঙ্গে এসেছিলাম। একসঙ্গে ঢাকায় ফেরার কথা ছিল।’
শোকের আবহে বন্ধ রাখা হলো শুটিং
সোহেল খানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সিনেমার শুটিং ইউনিটে শোকের পরিবেশ তৈরি হয়। সহকর্মীর আকস্মিক মৃত্যুতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন ইউনিটের সদস্যরা। পরিস্থিতি বিবেচনায় মঙ্গলবারের বাকি শুটিং বাতিল করা হয়।
প্রযোজক আরশাদ আদনান জানান, এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় পুরো ইউনিট শোকাহত। সবার মানসিক পরিস্থিতি বিবেচনা করেই দিনের শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বগুড়ায় প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে সোহেল খানের মরদেহ ঢাকার ধামরাইয়ে পাঠানো হয়েছে।
‘নসীব’ সিনেমায় আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম ও শাহরিয়ার নাজিম জয়। পরিচালক মোহাম্মদ ইকবাল জানিয়েছেন, আগামী ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।
যে সিনেমায় নিজের চরিত্রের মৃত্যুদৃশ্য ধারণের অপেক্ষায় ছিলেন সোহেল খান, সেই দৃশ্য আর ক্যামেরাবন্দি করা হলো না তার। সহকর্মী ও বন্ধুরা তাকে হারিয়ে শোকাহত, আর অসমাপ্ত রয়ে গেল তার শেষ সিনেমার কয়েকটি দৃশ্য।



