বাংলাদেশ

সেনাসদস্য পরিচয়ে বিয়ের জন্য পাত্রী দেখতে গিয়ে আটক যুবক

বাংলা টিভি ডেস্ক: সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে বিয়ের জন্য পাত্রী দেখতে গিয়ে সাতক্ষীরায় আমির হামজা নামে এক যুবক আটক হয়েছেন। মেয়ের পরিবারের সদস্যদের সন্দেহ হওয়ায় তাঁর পরিচয় যাচাই করা হয়। এতে সেনাবাহিনীর সঙ্গে তাঁর কোনো সংশ্লিষ্টতা না পাওয়ায় স্থানীয়রা তাঁকে আটকে রেখে পুলিশে খবর দেন।

শুক্রবার (২৭ নভেম্বর) রাতে সাতক্ষীরা সদর উপজেলার পরানদহা গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় তাঁর কাছ থেকে সেনাবাহিনীর একটি ভুয়া পরিচয়পত্র ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, স্থানীয় লোকজন ওই যুবককে ঘিরে ধরে তাঁর পরিচয় ও সেনাবাহিনীর সদস্য হওয়ার বিষয়ে নানা প্রশ্ন করছেন। একপর্যায়ে জাল পরিচয়পত্রটি কোথা থেকে তৈরি করেছেন, জানতে চাইলে স্থানীয় একটি কম্পিউটারের দোকান থেকে সেটি বানানোর কথা স্বীকার করেন তিনি।

পুলিশ সূত্রে জানা যায়, আমির হামজার জাতীয় পরিচয়পত্রে নিজের নাম থাকলেও সেনাবাহিনীর ভুয়া পরিচয়পত্রে নাম ব্যবহার করেছেন মিনাজ উদ্দীন। তিনি দেবহাটা উপজেলার পুষ্পকাটি গ্রামের বাসিন্দা।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button