বাংলাদেশ

শেখ হাসিনাকে ফেসবুক লাইভে এসে ‘জীবিত’ প্রমাণ দিতে বললেন রাশেদ খাঁন

বাংলা টিভি ডেস্ক: ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও গুঞ্জন চলছে। এমন পরিস্থিতিতে নিজের জীবিত থাকার বিষয়টি নিশ্চিত করতে শেখ হাসিনাকে ফেসবুক লাইভে আসার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।

শুক্রবার (২৭ নভেম্বর) ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্টের একটি প্রতিবেদন নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করে তিনি এ মন্তব্য করেন।

নিজের পোস্টে রাশেদ খাঁন লেখেন, ‘যেহেতু ১ বছর আগের অডিও ব্যবহার করেছে, সেহেতু বুঝতে আর কারও কিছু বাকি থাকে? এখন একমাত্র উপায় ফেসবুক লাইভে এসে বলা …’

দ্য ডিসেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার শারীরিক সুস্থতার প্রমাণ হিসেবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আনুষ্ঠানিক ফেসবুক পেজ থেকে একটি অডিও বার্তা প্রকাশ করা হয়। তবে অনুসন্ধানে দেখা গেছে, ওই অডিওটি অন্তত এক বছর আগে থেকেই ইন্টারনেটে পাওয়া যাচ্ছে।

প্রতিবেদনটিতে আরও উল্লেখ করা হয়, শেখ হাসিনার দেশে ফেরার কথিত ঘোষণা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের তথ্য ছড়িয়ে পড়েছে। একই সঙ্গে তাঁর শারীরিক অবস্থা নিয়েও নানা দাবি সামনে আসছে। তবে শেখ হাসিনার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য খুঁজে পায়নি প্রতিষ্ঠানটি।

১৬ ডিসেম্বর দেশে ফেরার খবর ঘিরে আলোচনা

এদিকে, আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজে দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন শেখ হাসিনা—সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাধ্যমে দেশে ফেরার ব্যবস্থা করতে বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন তিনি।

তবে এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির রয়টার্সকে বলেন, শেখ হাসিনা একজন দণ্ডপ্রাপ্ত অপরাধী ও পলাতক সন্ত্রাসী। প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে হাতকড়া পরিয়ে এবং কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দেশে ফিরতে হবে বলে মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনার শারীরিক অবস্থা ও দেশে ফেরার সম্ভাবনা নিয়ে বিভিন্ন বক্তব্য ও তথ্য সামনে আসায় বিষয়টি ঘিরে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button