Uncategorized

কারাফটকে শেষবারের মতো ছেলের মুখ দেখলেন কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী

কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগের কেন্দ্রীয় নেত্রী শারমিন সুলতানা শর্মীর প্রতিবন্ধী ছেলে নিস্বর্গ হোসেন তূর্য (১৫) মারা গেছে। প্যারোলে মুক্তি না মেলায় শনিবার (২৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের ফটকে নিয়ে গিয়ে মাকে শেষবারের মতো ছেলের মুখ দেখানো হয়।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১১টার দিকে সে মারা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে নিস্বর্গের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিষয়টি সামনে আসে।

শারমিন সুলতানা শর্মি (৪৪) ঢাকার লালবাগ থানার সাহেব বাজার এলাকার বাসিন্দা। তার স্বামী শাহাদাত হোসেন নিপুন। তিনি ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।

শারমিন সুলতানার স্বামী শাহাদাৎ হোসেন নিপুন দুপুরে গণমাধ্যমকে জানান, দুপুর ১২টার দিকে কারাফটকে শারমিন সুলতানা তার মৃত সন্তানকে শেষবারের মতো দেখেছেন।

এর আগে, বেলা ১১টার দিকে শাহাদাৎ হোসেন জানান, কারা কর্তৃপক্ষ তাকে বলেছে, দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় শারমিন সুলতানাকে কারাগারের বাইরে নেওয়া সম্ভব নয়।

শারমিনের স্বামী জানান, গত ৪ অক্টোবর গভীর রাতে লালবাগ থানা-পুলিশ তাদের বাসায় অভিযান চালিয়ে তার স্ত্রীকে আটক করে। পরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

তিনি বলেন, তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। দুজনই জন্মগতভাবে প্রতিবন্ধী। ছেলে তূর্য জন্মের পর থেকেই মায়ের ওপর নির্ভরশীল ছিল। খাওয়াদাওয়াসহ দৈনন্দিন সব কাজ মা নিজেই করতেন। স্ত্রী গ্রেপ্তার হওয়ার পর তূর্য মানসিকভাবে ভেঙে পড়ে। তার যথাযথ দেখাশোনা করার মতো কেউ ছিল না। শুক্রবার হঠাৎ অসুস্থ হয়ে তার মৃত্যু হয়।

শাহাদাত হোসেন আরও অভিযোগ করেন, স্ত্রীকে আটকের আগে তার বিরুদ্ধে কোনও মামলা ছিল না। ষড়যন্ত্রের মাধ্যমে তাকে আটক করে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জড়ানো হয়েছে।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) মো. নজরুল ইসলাম বলেন, তাদের প্রতিবন্ধী সন্তান মারা গেছে। মৃত সন্তানের লাশ শেষবারের মতো দেখানোর জন্য আমাদের কাছে আবেদন করা হয়েছিল। বিধিমোতাবেক নিরাপত্তা নিশ্চিত করে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে মানবিক বিবেচনায় কারাফটকে মুখ দেখানোর ব্যবস্থা করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button