বাংলাদেশ

বিয়ে করতে কুমিল্লায় চীনা যুবক, ফিরিয়ে দিল পরিবার

বাংলা টিভি ডেস্ক: ভালোবাসার মানুষকে জীবনসঙ্গী করতে সুদূর চীন থেকে কুমিল্লার দেবিদ্বারে এসেছিলেন ৩৫ বছর বয়সী চীনা নাগরিক জেকুইন। তবে প্রেমিকার পরিবারের আপত্তির কারণে শেষ পর্যন্ত বিয়ে করা হয়নি তাঁর। শুক্রবার (২৭ নভেম্বর) গভীর রাতে পুলিশের সহযোগিতায় প্রেমিকার বাড়ি ছেড়ে চলে যান তিনি।

শুক্রবার দুপুরে দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের সুলতানপুর গ্রামে প্রেমিকা নুসরাত জাহান তামান্নার (১৯) বাড়িতে হাজির হন জেকুইন। চীন থেকে এক যুবক প্রেমিকার বাড়িতে এসেছেন—এ খবর ছড়িয়ে পড়লে তাঁকে একনজর দেখতে বাড়িটিতে স্থানীয় উৎসুক মানুষের ভিড় জমে।

জেকুইন জানান, প্রায় ছয় মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যম উইচ্যাটের মাধ্যমে সুলতানপুর গ্রামের আমির খন্দকারের মেয়ে তামান্নার সঙ্গে তাঁর পরিচয় হয়। ধীরে ধীরে সেই পরিচয় প্রেমের সম্পর্কে গড়ায়। একপর্যায়ে প্রেমিকার সঙ্গে দেখা করা এবং তাঁকে বিয়ে করার সিদ্ধান্ত নেন তিনি।

সেই উদ্দেশ্যে গত ১৯ নভেম্বর চীন থেকে বাংলাদেশে আসেন জেকুইন। ঢাকার একটি আবাসিক হোটেলে অবস্থানের পর শুক্রবার সরাসরি প্রেমিকার গ্রামের বাড়িতে যান।

অন্যদিকে, তামান্না জানান, তিনি জেকুইনকে বিয়ে করে চীনে যেতে আগ্রহী। কিন্তু তাঁর মা-বাবা ও স্থানীয় লোকজন এ বিয়েতে সম্মতি দেননি। পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘ আলোচনা করেও তাঁদের মত পরিবর্তন করা সম্ভব হয়নি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরে স্থানীয় প্রশাসন ও পুলিশকে বিষয়টি জানানো হয়। শেষ পর্যন্ত পুলিশের সহায়তায় শুক্রবার মধ্যরাতে বাড়ি ছাড়েন জেকুইন।

তামান্নার বাবা আমীর হোসেন বলেন, ‘আমরা দরিদ্র মানুষ। মেয়ের সঙ্গে ওই যুবকের মোবাইল ফোনে পরিচয় হয়েছে। যুবক এক মাসের ভ্রমণ ভিসা নিয়ে বাংলাদেশে এসেছেন। বিয়ের জন্য তাঁর পরিবার ও সংশ্লিষ্ট দেশের আইনগত সম্মতিপত্র নিয়ে এলে মেয়েকে বিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনা করব।’

ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম জানান, চীনা যুবকের আসার খবর পেয়ে তিনি ওই বাড়িতে যান। তাঁর কাছে এক মাসের ভ্রমণ ভিসা থাকলেও বিয়ের জন্য প্রয়োজনীয় কোনো অনুমতিপত্র ছিল না। এ ছাড়া বিভিন্ন সময়ে বিয়ের পর ব্ল্যাকমেইলের ঘটনা ঘটছে বলেও তিনি উল্লেখ করেন। তবে তামান্নার পরিবার বিয়েতে রাজি না হওয়ায় পুলিশের সহায়তায় রাতেই ওই যুবককে গ্রাম ছাড়তে হয়।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, চীনা নাগরিকের আসার খবর পেয়ে তাঁর নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে প্রেমিকার পরিবারের পক্ষ থেকে বিয়েতে সম্মতি না থাকায় রাতেই তিনি ওই বাড়ি ছেড়ে চলে যান।

সংশ্লিষ্ট খবর

Back to top button