জামায়াত ছাড়ার হুঁশিয়ারি আমির হামজার, বললেন একটা মারলে দুইটা মারবো

বাংলা টিভি ডেস্ক: কর্মীদের ওপর হামলার ঘটনায় কঠোর অবস্থানের কথা জানিয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। তিনি বলেছেন, ‘একটা মারলে দুইটা মারবো। কর্মীদের ওপর হামলার প্রতিশোধ নিতে জামায়াত বাধা দিলে প্রয়োজনে দল ছেড়ে দেবো।’
শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৮টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি। তাঁর এই বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।
এর আগে বুধবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের জুগিয়া ভাটাপাড়া এলাকায় হামলার ঘটনা ঘটে। শহর জামায়াতের ইউনিট সদস্য ও ১৫ নম্বর ওয়ার্ডে জামায়াত মনোনীত কাউন্সিলর প্রার্থী মো. শাহজাহানের বাড়ি এবং কার্যালয়ে এ হামলা চালানো হয়। এ সময় দুটি মোটরসাইকেল ভাঙচুরের পাশাপাশি কয়েক রাউন্ড গুলিবর্ষণ করা হয়।
ঘটনাস্থল থেকে পাঁচ রাউন্ড বিদেশি পিস্তলের তাজা গুলি ও সাত রাউন্ড গুলির খোসা উদ্ধার করে পুলিশ। হামলায় জামায়াতের ছয়জন স্থানীয় কর্মী আহত হন। তাঁদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আহতদের দেখতে হাসপাতালে যান সংসদ সদস্য মুফতি আমির হামজা। পরে বিকেলে এ ঘটনা নিয়ে সংবাদ সম্মেলন করে জেলা জামায়াতে ইসলামী।
সংবাদ সম্মেলনে আমির হামজা বলেন, জুগিয়া এলাকায় একটি বালুমহাল থাকায় দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বালুবাহী ড্রাম ট্রাক চলাচলের কারণে এলাকার সড়কগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি জানান, এলাকাবাসীর অভিযোগ পেয়ে নিজেই সরেজমিনে পরিস্থিতি পরিদর্শন করেছেন। তাঁদের ভাষ্য অনুযায়ী, অতিরিক্ত ওজনের বালুবাহী ট্রাক চলাচলে রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হচ্ছে। এ বিষয়ে বিভিন্ন দপ্তরে যোগাযোগ করলে তাঁকে জানানো হয়, সড়কগুলো সর্বোচ্চ ১০ টন ওজন বহনে সক্ষম। অথচ প্রতিদিন ৩০ থেকে ৪০ টন বালুবাহী ট্রাক চলাচল করছে। ফলে নতুন করে রাস্তা নির্মাণ করলেও তা আবার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
এমপি আরও বলেন, রাস্তা সংস্কার না হওয়া পর্যন্ত ওই পথে কোনো ড্রাম ট্রাক চলতে দেওয়া হবে না বলে তিনি স্থানীয়দের জানিয়ে এসেছেন।
এর কয়েক দিন পরই শহর জামায়াতের ইউনিট সদস্য ও ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. শাহজাহানের বাড়ি এবং স্থানীয় জামায়াত কার্যালয়ে হামলা, ভাঙচুর ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে ছয়জন কর্মী আহত হন, যাঁদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে আমির হামজা অভিযোগ করেন, সংশ্লিষ্ট বালুমহালটি আগে আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যক্তিদের নিয়ন্ত্রণে ছিল। বর্তমানে বিএনপি নেতারা সেটি পরিচালনা করছেন। আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া সফরের সময় এ বিষয়ে তাঁর কাছে সংশ্লিষ্ট বিএনপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরবেন বলেও জানান তিনি।
এদিকে, ফেসবুকে দেওয়া ওই পোস্টের বিষয়ে জানতে সংসদ সদস্য মুফতি আমির হামজার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরবর্তী সময়ে পোস্টটির সঙ্গে শেয়ার করা ফটোকার্ডটি নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সরিয়ে নেন তিনি।
এ বিষয়ে জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এনামুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।



