মিজোরাম সীমান্তে রহস্যময় তিনটি ড্রোন, গুলি ছুড়ল বিজিবি

বাংলা টিভি ডেস্ক: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার ভারত-মিজোরাম সীমান্তে সন্দেহজনক তিনটি ড্রোনের উপস্থিতি দেখতে পেয়ে গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৭ নভেম্বর) রাতে ড্রোনগুলো লক্ষ্য করে পরপর ১৫ রাউন্ড গুলি চালান ২৭ বিজিবি মারিশ্যা জোনের সদস্যরা। তবে ড্রোনগুলোর উৎস কিংবা কারা এগুলো পরিচালনা করছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা ও নজরদারি বাড়ানো হয়েছে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে বাঘাইছড়ি-মিজোরাম সীমান্তের আকাশে লাল ও সাদা আলো জ্বলতে থাকা তিনটি ড্রোনের গতিবিধি নজরে আসে বিজিবি সদস্যদের। বিষয়টি শনাক্ত হওয়ার পর সীমান্তে দায়িত্ব পালনরত সদস্যরা সতর্ক অবস্থান নেন। একপর্যায়ে ড্রোনগুলো লক্ষ্য করে গুলি ছোড়া হয়।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে রাতের অন্ধকারে আকাশের দিকে তাক করে বিজিবি সদস্যদের গুলি ছুড়তে দেখা যায়। এ সময় আকাশে আলোর ঝলকানিও দেখা গেছে।
২৭ বিজিবি মারিশ্যা জোনের উপ-অধিনায়ক মেজর সাকিব ইসরাক অপূর্ব জানান, শুক্রবার রাতে বিজিবির হেলিপ্যাডের ওপর হঠাৎ তিনটি রহস্যজনক ড্রোন উড়তে দেখা যায়। এরপর আশপাশের সব বিওপি ক্যাম্পকে সতর্ক করা হয়। পরে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদের নির্দেশনায় ড্রোনগুলো ভূপাতিত করার উদ্দেশ্যে এলএমজি দিয়ে ১৫ রাউন্ড গুলি ছোড়া হয়। তবে গুলিবর্ষণের পর ড্রোনগুলো দ্রুত সরে যায়।
তিনি আরও বলেন, পাহাড়ের বর্তমান পরিস্থিতিকে কাজে লাগিয়ে কোনো অদৃশ্য শক্তি অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলে তাঁদের ধারণা।
জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ পিএসসি জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সার্বক্ষণিক কাজ করছে। এ কারণে সীমান্তের সব বিওপিকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। তবে ড্রোনগুলো কোন স্থান থেকে এসেছে, কারা নিয়ন্ত্রণ করছিল কিংবা গুলিতে সেগুলোর কোনো ক্ষতি হয়েছে কি না, তা এখনো জানা যায়নি।
উল্লেখ্য, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে গত কয়েক দিন ধরে বাঘাইছড়ির সাজেক ও ভারতের মিজোরাম সীমান্তের দুর্গম এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। প্রায় ১৫১ কিলোমিটার দীর্ঘ সীমান্তজুড়ে ২৭ বিজিবি মারিশ্যা জোনের সদস্যরা দিন-রাত টহল কার্যক্রম পরিচালনা করছেন।



