ক্লাস ছেড়ে রাজপথে আসবেন না: শিক্ষামন্ত্রী

বাংলা টিভি ডেস্ক: শিক্ষকদের বদলি ও নিয়োগসহ বিভিন্ন সমস্যা সমাধানে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষকদের যৌক্তিক দাবি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপনের আশ্বাস দিয়ে ক্লাস ছেড়ে রাজপথে না নামার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘অধ্যক্ষ সম্মিলন-২০২৬’-এ বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে সারাদেশের কলেজের অধ্যক্ষরা অংশ নেন।
শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন, যৌক্তিক দাবির জন্য শিক্ষকদের রাজপথে আসতে হবে না। আমিও তার সঙ্গে একমত হয়ে বলছি, প্রধানমন্ত্রী আমাদের দায়িত্ব দিয়েছেন। তাই আপনাদের যৌক্তিক দাবি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করবো। কিন্তু আপনারা ক্লাস বাদ দিয়ে রাজপথে আসবেন না।
বদলি ও নিয়োগসংক্রান্ত সমস্যার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, এসব সমস্যার সমাধান আমরাই করবো। আমরা সেগুলো সমাধানের জন্যই কাজ করে যাচ্ছি। শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনতে প্রতিটি মুহূর্তে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি।
বিগত সরকারের সমালোচনা করে এহছানুল হক মিলন বলেন, বিগত ১৭ বছরে শিক্ষাব্যবস্থাকে পিছিয়ে দেওয়া হয়েছে। জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছিল। শিক্ষাঙ্গনে চলেছে নৈরাজ্য।
তিনি বলেন, বিগত ১৭ বছরে যত্রতত্র শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা হলেও শিক্ষার মানোন্নয়নে কোনো সুষম বণ্টন ছিল না। অনেক কলেজে অনার্স কোর্স খোলা হলেও সেখানে পর্যাপ্ত শিক্ষক ও শিক্ষার্থী নেই। এখন আমাদের বিশাল জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য।
শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার কেবল অবকাঠামোগত উন্নয়নের মধ্যে সীমাবদ্ধ না থেকে শিক্ষার গুণগত মানোন্নয়ন ও কর্মমুখী শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে।
অ্যাভিয়েশন খাতে দক্ষ জনবল তৈরির ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, বিশ্বজুড়ে দক্ষ পাইলট ও অ্যাভিয়েশন খাতের জনবলের ব্যাপক চাহিদা রয়েছে। আমাদের দেশেও বিমানবহর সম্প্রসারিত হচ্ছে। দক্ষ পাইলট ও জনবল তৈরিতে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের কোর্স ও কারিকুলাম দ্রুত আধুনিকায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
এসময় আগামী দিনের শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।



