সোহরাওয়ার্দী উদ্যান নয়, নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি

বাংলা টিভি ডেস্ক: আগামী ১ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে নয়াপল্টনে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিজয় মাস উপলক্ষে ঘোষিত মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হবে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এই সমাবেশের মধ্য দিয়ে।
রোববার (২৯ নভেম্বর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
সমাবেশের স্থান পরিবর্তনের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে সংস্কারকাজ চলমান থাকায় সেখানে সমাবেশ আয়োজন করা সম্ভব হচ্ছে না। তাই বিজয় মাসের কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান নয়াপল্টনে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রিজভী বলেন, বিজয় দিবস জাতির গৌরব ও অর্জনের দিন। এ উপলক্ষে বিএনপি পুরো ডিসেম্বর মাসজুড়ে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।
তিনি আরও জানান, ডিসেম্বরের সমাবেশ এবং দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে চিকিৎসক, প্রকৌশলীসহ বিভিন্ন পেশার প্রতিনিধিদের সঙ্গে বিএনপির পক্ষ থেকে আলোচনা ও বৈঠক করা হয়েছে।
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিএনপির এই নেতা অভিযোগ করেন, পরাজিত শক্তি বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণসহ সহিংস কর্মকাণ্ড চালাচ্ছে। তবে সরকার শান্তিপূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলে মন্তব্য করেন তিনি।
রিজভীর দাবি, দেশের বিভিন্ন এলাকায় অস্ত্র ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। এ অবস্থায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। তাঁর মতে, আইনশৃঙ্খলা বাহিনীর যথাযথ তৎপরতা না থাকলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে।
এ ছাড়া নিষিদ্ধ সংগঠনের ডাকা লকডাউন কর্মসূচি সাধারণ মানুষ প্রত্যাখ্যান করেছে বলেও মন্তব্য করেন রিজভী। তিনি বলেন, ওই কর্মসূচিতে মানুষ সাড়া দেয়নি এবং দেশের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রয়েছে। তাঁর মতে, নিষিদ্ধ সংগঠনের ডাকা লকডাউন কোনো রাজনৈতিক কর্মসূচি নয়।



