এক বছরে দেশে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ, অর্ধেকই সমকামী

বাংলা টিভি ডেস্ক: বাংলাদেশে এক বছরের ব্যবধানে নতুন করে এইচআইভি সংক্রমণ শনাক্তের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ সালের তুলনায় ২০২৬ সালে নতুন করে এইচআইভি আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২ হাজার ৩০৫ জন। আগের বছর এ সংখ্যা ছিল ১ হাজার ৮৯১। অর্থাৎ এক বছরে নতুন শনাক্তের সংখ্যা বেড়েছে প্রায় ২২ শতাংশ।
নতুন আক্রান্তদের মধ্যে প্রায় অর্ধেকই পুরুষের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনকারী পুরুষ (এমএসএম)। এ ছাড়া আক্রান্তদের বয়স ও পেশাগত পরিচয় বিশ্লেষণে তরুণ ও শিক্ষার্থীদের উল্লেখযোগ্য উপস্থিতি পাওয়া গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
জাতীয় এইডস নিয়ন্ত্রণ কর্মসূচির তথ্যমতে, ২০২৫ সালের নভেম্বর থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে মোট ২৬ লাখ ৪৯ হাজার ৬৫৩ জনের এইচআইভি পরীক্ষা ও স্ক্রিনিং করা হয়েছে। এসব পরীক্ষায় নতুন করে ২ হাজার ৩০৫ জনের শরীরে ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হয়। একই সময়ে এইচআইভিতে আক্রান্ত হয়ে ২৮৫ জনের মৃত্যু হয়েছে। আগের বছর এ সংখ্যা ছিল ২৫৪।
প্রতিবেদনে বলা হয়েছে, নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে ৮৫ শতাংশ পুরুষ, ১৫ শতাংশ নারী এবং ১ শতাংশ হিজড়া জনগোষ্ঠীর সদস্য। বয়সভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, আক্রান্তদের ৬১ শতাংশের বয়স ২৫ থেকে ৪৯ বছরের মধ্যে। ২০ থেকে ২৪ বছর বয়সীদের হার ২৪ শতাংশ। বাকি ১৫ শতাংশ অন্যান্য বয়সসীমার।
বৈবাহিক অবস্থার হিসাবে আক্রান্তদের ৪৮ শতাংশ বিবাহিত এবং সমান ৪৮ শতাংশ অবিবাহিত। এ ছাড়া ১ শতাংশ বিধবা এবং আরও ১ শতাংশ বিচ্ছিন্ন বা একা বসবাসকারী।
আক্রান্তদের আচরণগত ও পেশাগত পরিচয় বিশ্লেষণে দেখা গেছে, ৫০ শতাংশ পুরুষের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনকারী পুরুষ (এমএসএম), ১০ শতাংশ নারী যৌনকর্মীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনকারী পুরুষ (এমএসডব্লিউ), ১ শতাংশ হিজড়া জনগোষ্ঠীর সদস্য, ১ শতাংশ নারী যৌনকর্মী এবং ৪ শতাংশ শিরায় মাদক গ্রহণকারী। অন্যদিকে, বিদেশফেরত ব্যক্তি ও তাঁদের পরিবারের সদস্যদের মধ্যে ১১ শতাংশ এবং সাধারণ জনগোষ্ঠীর মধ্যে ১৮ শতাংশ সংক্রমণ শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এইচআইভি শনাক্ত হওয়ার পর দ্রুত চিকিৎসা শুরু করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলতি বছরে নতুন শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে ৮৭ দশমিক ৮ শতাংশ রোগী শনাক্ত হওয়ার পরপরই অ্যান্টিরেট্রোভাইরাল চিকিৎসা শুরু করেছেন। নিয়মিত এ চিকিৎসা গ্রহণের মাধ্যমে শরীরে ভাইরাসের পরিমাণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এতে অন্যের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি কার্যত নির্মূল করা যায়।
জাতীয় এইডস নিয়ন্ত্রণ কর্মসূচির পরিচালক ডা. মো. খায়রুজ্জামান জানান, গত বছরের তুলনায় এবার এইচআইভি শনাক্তের সংখ্যা প্রায় ২২ শতাংশ বেড়েছে। তবে পরীক্ষার আওতা ও সংখ্যা বাড়ার কারণেও নতুন শনাক্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে তিনি মনে করেন।
তিনি আরও জানান, গত কয়েক বছর ধরে এমএসএম ও এমএসডব্লিউ জনগোষ্ঠীর মধ্যে এইচআইভি শনাক্তের হার তুলনামূলক বেশি। এ কারণে এসব জনগোষ্ঠীর মধ্যে পরীক্ষার লক্ষ্যমাত্রা বাড়ানো হয়েছে। গত বছর এ দুই জনগোষ্ঠীর মধ্যে নতুন শনাক্তের হার ছিল ৪৯ শতাংশ, যা চলতি বছর বেড়ে ৬০ শতাংশ হয়েছে। তাঁদের একটি উল্লেখযোগ্য অংশ তরুণ ও শিক্ষার্থী হওয়ায় বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, দেশে বর্তমানে আনুমানিক ১৯ হাজার ৮৪৩ জন এইচআইভি আক্রান্ত ব্যক্তি রয়েছেন। তাঁদের মধ্যে এখন পর্যন্ত ১৬ হাজার ৬১৮ জনকে শনাক্ত করা সম্ভব হয়েছে। অর্থাৎ আনুমানিক আরও ৩ হাজার ২০০ জন আক্রান্ত ব্যক্তি এখনো শনাক্তের বাইরে রয়েছেন।



