‘যারা আগুনসন্ত্রাস চালাচ্ছো, সবাই কিন্তু ভারতে পালাতে পারবা না‘

বাংলা টিভি ডেস্ক: দেশে সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের সবাই ভারতে পালিয়ে নিরাপদ আশ্রয় নিতে পারবেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।
রোববার (২৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। একই পোস্টে আগামী ১৬ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা এবং এ বিষয়ে বিভিন্ন বক্তব্য নিয়েও প্রতিক্রিয়া জানান তিনি।
পোস্টে রাশেদ খাঁন লেখেন, ১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি রাষ্ট্রীয় বিমান পাঠানোর সঙ্গে সম্পর্কিত বলে মন্তব্য করেছেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এম এ আরাফাত। তাঁর মতে, ১৬ ডিসেম্বর যত ঘনিয়ে আসছে, এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যেও পরিবর্তন দেখা যাচ্ছে।
শেখ হাসিনার সাম্প্রতিক অডিও বক্তব্যের প্রসঙ্গ টেনে রাশেদ খাঁন দাবি করেন, সেখানে শেখ হাসিনা নিজের প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে রাখার কথা বলেছেন এবং সুযোগ পেলে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে ১৬ ডিসেম্বরই দেশে ফিরবেন—এমন কোনো সুস্পষ্ট ঘোষণা তিনি দেননি বলে মন্তব্য করেন রাশেদ।
এ থেকে শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফেরার বিষয়ে আগের অবস্থান থেকে কিছুটা সরে এসেছেন বলে নিজের পোস্টে দাবি করেন তিনি।
পোস্টের শেষাংশে দেশে সহিংসতা ও অগ্নিসংযোগের সঙ্গে জড়িতদের উদ্দেশে কঠোর বার্তা দেন প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী।
তিনি লেখেন, যারা আগুনসন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছেন, তাঁদের সবার পক্ষে ভারতে পালিয়ে যাওয়া সম্ভব হবে না। শেখ হাসিনার অডিও বক্তব্যের পর অন্তত এসব কর্মকাণ্ড থেকে সরে আসার আহ্বান জানান তিনি।
একই সঙ্গে নতুন করে সহিংসতায় জড়ালে জনগণের প্রতিরোধের মুখোমুখি হতে হবে বলেও সতর্ক করেন রাশেদ খাঁন। এ প্রসঙ্গে বাগেরহাটবাসীর প্রতিরোধের বিষয়টিও উল্লেখ করেন তিনি।



