মোহাম্মদপুরে পাটালি গ্রুপের সক্রিয় সদস্য ড্যান্ডি রাসেল গ্রেপ্তার

বাংলা টিভি ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত পাটালি গ্রুপের সক্রিয় সদস্য মো. রাসেল ওরফে ‘ড্যান্ডি রাসেল’কে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৬ বছর বয়সী রাসেলের বিরুদ্ধে ছিনতাই, মাদক, বিশেষ ক্ষমতা আইন ও দ্রুত বিচার আইনে মোট আটটি মামলা রয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে তিনটি গ্রেপ্তারি পরোয়ানাও মুলতবি রয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে মোহাম্মদপুরের রায়েরবাজার রহিম ব্যাপারি ঘাটের ঢাল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। রোববার (২৯ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম।
পুলিশ জানায়, গ্রেপ্তার রাসেল ভোলার দুলারহাট থানার নুরাবাদ এলাকার কুসুমবাগ গ্রামের মো. কাশেম মিস্ত্রি ও আলেয়া বেগমের ছেলে। তিনি বর্তমানে মোহাম্মদপুরের রায়েরবাজার বোটঘাট বস্তিতে বসবাস করতেন।
ওসি আব্দুল হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর থানার বোটঘাট ও রহিম ব্যাপারি ঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আক্কেল আলী। এ সময় তাঁর সঙ্গে থাকা পুলিশ সদস্যরা পাটালি গ্রুপের সক্রিয় সদস্য রাসেলকে আটক করেন।
পুলিশের তথ্য অনুযায়ী, রাসেলের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় ছিনতাই, মাদক, বিশেষ ক্ষমতা আইন ও দ্রুত বিচার আইনে আটটি মামলা বিচারাধীন রয়েছে। পাশাপাশি তাঁর বিরুদ্ধে তিনটি জিআর গ্রেপ্তারি পরোয়ানা মুলতবি রয়েছে।
গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।



