বাংলাদেশ

ইউপি নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে ইসি

বাংলা টিভি ডেস্ক: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনের প্রস্তুতি, রাজনৈতিক দলগুলোর মতামত ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে তিন দিনব্যাপী এই সংলাপের আয়োজন করা হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় প্রথম দিনের সংলাপ শুরু হয়। এদিন প্রথম পর্বে ১৫টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসে নির্বাচন কমিশন।

ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. আব্দুল মমিন সরকার জানান, প্রথম দিনের আলোচনায় অংশ নেওয়া দলগুলোর মধ্যে রয়েছে জাতীয় পার্টি (জেপি), কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্প ধারা বাংলাদেশ, জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), জাকের পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এবং গণফোরাম।

প্রথম দিনের সংলাপে বিএনপি, জামায়াতে ইসলামী, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও খেলাফত আন্দোলনের অংশ নেওয়ার কথা থাকলেও দলগুলো পরবর্তী সময়ে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছে বলে জানান ইসির জনসংযোগ পরিচালক।

তিন দিনের সংলাপের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে ৩০ নভেম্বর। এদিন বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ মোট ১৮টি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করবে নির্বাচন কমিশন।

সংলাপের শেষ পর্ব অনুষ্ঠিত হবে ১ ডিসেম্বর। ওইদিন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন ও নাগরিক ঐক্যসহ আরও ১৮টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করার কথা রয়েছে।

বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৯টি। তবে কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে এবং দলটিকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়নি। একই সঙ্গে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের শরিক ওয়ার্কার্স পার্টি, জাসদ, তরীকত ফেডারেশন ও সাম্যবাদী দলকেও আলোচনার বাইরে রাখা হয়েছে।

এদিকে নির্বাচন কমিশনের ঘোষিত পরিকল্পনা অনুযায়ী, পাঁচটি ধাপে অনুষ্ঠিত হবে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্ধারিত সূচি অনুসারে, ২১ জানুয়ারি প্রথম ধাপে ১ হাজার ৪২টি, ৪ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপে ১ হাজার ৬৯টি, ২৯ এপ্রিল তৃতীয় ধাপে ১ হাজার ২৪টি, ১৩ মে চতুর্থ ধাপে ৮১৩টি এবং ২৭ মে পঞ্চম ধাপে ৩৮৪টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নির্বাচন আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে রাজনৈতিক দলগুলোর মতামত ও পরামর্শ গ্রহণে এই সংলাপকে গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন।

সংশ্লিষ্ট খবর

Back to top button