ভূমিকম্পের সময় পাশে না থেকে দৌড়ে পালালেন স্বামী, রাগে তালাক দিলেন স্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: ভূমিকম্পের মতো বিপদের মুহূর্তে স্বামী পাশে দাঁড়াবেন, এমনটাই প্রত্যাশা করেছিলেন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার এক নারী। কিন্তু বাস্তবে ঘটেছে উল্টো ঘটনা। নিজের নিরাপত্তার কথা ভেবে স্ত্রীকে ফেলে রেস্তোরাঁ থেকে দৌড়ে পালিয়ে যান স্বামী। আর স্বামীর এমন আচরণই শেষ পর্যন্ত তাঁদের দাম্পত্য জীবনের ইতি টানার কারণ হয়ে দাঁড়ায়।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের জীবনের এই অভিজ্ঞতা প্রকাশ করে আলোচনায় এসেছেন ইভান অ্যালেক্সিস অলিভার নামের এক নারী। টিকটকে দেওয়া তাঁর একটি ভিডিও ইতোমধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট।
ভিডিওতে ওই নারী জানান, একদিন স্বামীর সঙ্গে একটি রেস্তোরাঁয় খাবার খাচ্ছিলেন তিনি। হঠাৎ সেখানে ভূমিকম্প শুরু হয়। মুহূর্তের মধ্যে রেস্তোরাঁয় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অন্য দম্পতিরা নিজেদের সঙ্গীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া কিংবা টেবিলের নিচে আশ্রয় নিতে সাহায্য করছিলেন। কিন্তু তাঁর স্বামী কোনো কিছু না ভেবেই টেবিল থেকে উঠে একাই দৌড়ে অন্য জায়গায় চলে যান।
ওই নারীর দাবি, স্বামী ভেবেছিলেন তিনি হয়তো তাঁর এই পালিয়ে যাওয়ার বিষয়টি দেখতে পাননি। কিন্তু বাস্তবে রেস্তোরাঁয় বসার জায়গার ঠিক উল্টো পাশে গিয়ে আশ্রয় নেওয়ায় পুরো ঘটনাটিই তাঁর চোখে পড়ে।
সৌভাগ্যক্রমে ওই ভূমিকম্পে কেউ আহত হননি। তবে স্বামীর এমন আচরণে মানসিকভাবে ভেঙে পড়েন ওই নারী। এমনকি রেস্তোরাঁর কর্মীরাও বিষয়টি লক্ষ করেন। ভূমিকম্প থেমে যাওয়ার পর একজন কর্মী তাঁর কাছে এসে শারীরিক অবস্থার খোঁজ নেন। সব ঠিক আছে কি না জানতে চাওয়ার পাশাপাশি স্বামীর আচরণটিও তাঁর কাছে অস্বাভাবিক মনে হয়েছে বলে জানান।
ওই নারীর ভাষ্য, কর্মীর এমন মন্তব্যের পর ঘটনাটি তাঁর কাছে আরও বিব্রতকর হয়ে ওঠে। তিনি বুঝতে পারেন, বিপদের মুহূর্তে স্বামীর কাছে নিজের নিরাপত্তা কতটা গুরুত্বহীন ছিল।
ভিডিওতে নিজের অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, ভূমিকম্পের সময় স্বামী একবারও তাঁর কথা চিন্তা করেননি। নিজের জীবন বাঁচাতে দৌড়ে পালানোর সময় স্ত্রীর নিরাপত্তার বিষয়টি সম্পূর্ণ উপেক্ষা করেছেন তিনি। ঘটনাটি তাঁকে দাম্পত্য সম্পর্ক নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে। শেষ পর্যন্ত স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন তিনি।
ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই ওই নারীর অভিজ্ঞতার সঙ্গে নিজেদের জীবনের তিক্ত স্মৃতি তুলে ধরেছেন।
একজন মন্তব্যে জানান, একবার বিয়ের অনুষ্ঠানে গিয়ে নিজের পার্স খুঁজে পাচ্ছিলেন না তিনি। স্বামীর কাছে বিষয়টি জানতে চাইলে তিনি পার্সের অবস্থান দেখিয়ে দেন। পরে স্বামীকে বলতে শোনেন, পার্স খোঁজার কাজে ব্যস্ত থাকলে অন্তত স্ত্রী অন্য কাজে বিরক্ত করবেন না।
আরেক নারী নিজের অভিজ্ঞতা জানিয়ে লেখেন, একবার তাঁদের বাড়িতে কার্বন মনোক্সাইড শনাক্তকারী যন্ত্রের অ্যালার্ম বেজে উঠেছিল। তখন তাঁর সাবেক স্বামী তাঁকে পেছনের দরজা দিয়ে বাইরে ঠেলে দিয়ে নিজে পালিয়ে যান। পরে জানা যায়, অ্যালার্মটি ভুল সংকেত দিয়েছিল। তবে সেই ঘটনাই তাঁকে দাম্পত্য সম্পর্ক নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করেছিল।
ভূমিকম্পের সময় ঘটে যাওয়া কয়েক মুহূর্তের এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে দাম্পত্য সম্পর্ক, পারস্পরিক দায়িত্ববোধ ও বিপদের সময় সঙ্গীর পাশে থাকার গুরুত্ব নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।



