বাংলাদেশ

‎ফরিদপুরের প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দায়ে  যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের দায়ে ফিরোজ শেখ (৩৮) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ আদায় করা না গেলে আসামির সম্পত্তি বিক্রি করে সেই টাকা ভুক্তভোগী শিশুকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার (২৯ নভেম্বর) দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি ফিরোজ শেখ আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশি পাহারায় তাঁকে কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২২ এপ্রিল সন্ধ্যা ৬টার দিকে ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা ওই শিশু চা ও চিনি কেনার জন্য বাড়ি থেকে বের হয়। এ সময় একই এলাকার আজিদ শেখের ছেলে ফিরোজ শেখ তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে কৌশলে নিজের অটোরিকশায় ওঠায়।

পরে শিশুটিকে ভবানীপুর মাঠের নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে। শিশুটির চিৎকার শুনে লোকজন আসার আশঙ্কায় অভিযুক্ত ব্যক্তি তাকে সেখানে ফেলে পালিয়ে যায়।

এদিকে মেয়েকে বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন, ফিরোজ শেখ শিশুটিকে অটোরিকশায় করে নিয়ে গেছেন। রাত প্রায় ১১টার দিকে খোঁজাখুঁজির একপর্যায়ে ভবানীপুর মাঠ থেকে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

পরিবারের কাছে শিশুটি ঘটনার বিবরণ জানায়। এজাহারে উল্লেখ করা হয়েছে, ঘটনার পর থেকে শিশুটি মানসিকভাবে গুরুতর বিপর্যস্ত হয়ে পড়ে।

এ ঘটনায় ঘটনার পাঁচ দিন পর শিশুটির বাবা বাদী হয়ে কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) হিরামন বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেন। পাশাপাশি সাক্ষীদের বক্তব্য, ভুক্তভোগীর জবানবন্দি এবং বিভিন্ন তথ্য-প্রমাণ সংগ্রহ ও পর্যালোচনা শেষে ফিরোজ শেখকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।

তদন্ত শেষে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১)/৭ ধারায় অভিযোগপত্র দাখিল করা হয়। পরবর্তী সময়ে আদালতে সাক্ষ্য-প্রমাণ ও শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানার আদেশ দেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন বলেন, প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দায়ে ফিরোজ শেখকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত।

সংশ্লিষ্ট খবর

Back to top button