
বর্ষপরিক্রমায় যুক্ত হলো আরেকটি পালক। ইতিহাসের পাতায় নথিভুক্ত হলো আরো একটি বছর- ২০২০। অপার সম্ভাবনার নতুন প্রত্যাশা নিয়ে শুরু হলো নতুন ইংরেজি বছর। পুরোনো জরাজীর্ণতা কালের স্রোতে ভাসিয়ে, বিশ্বব্যাপী মানুষ বরণ করে নিয়েছে নতুনকে। অতীতের হিসেব চুকিয়ে, সুন্দর ভবিষ্যতের আশায় জীবনের চাকা ঘোরানোর স্বপ্নে বিভোর যেন সারা বিশ্বের মানুষ। সমাজের অন্যসব ক্ষেত্রের মতো সেই নতুন ভাবনায় যাত্রা শুরু হবে ক্রীড়াঙ্গনেরও- এমনটাই প্রত্যাশা ক্রীড়াঙ্গনের মানুষদের। নতুন সূর্যোদয়, নতুন দিন এবং নতুন বছর মানেই নতুন করে সবকিছু ভাবা। নতুন বছর বাংলাদেশের জন্য বেশ ব্যতিক্রম। ২০২০ সালের পুরোটা সময় জুড়েই থাকবে উৎসব আর আনন্দঘন পরিবেশ। কারণ স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, এ বছরই। ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ সময়কে, মুজিববর্ষ হিসেবে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে বছরব্যাপী নানা কর্মসূচি আয়োজনের জন্য, ৩০৬ কোটি ২৪ লাখ টাকার খসড়া বাজেট তৈরি করা হয়েছে। স্থানীয় ও আন্তর্জাতিক মিলিয়ে একশ’র মতো আয়োজন থাকছে বছরব্যাপী। এর মধ্যে প্রায় ৪০টির মতো থাকছে আন্তর্জাতিক আয়োজন।
সবচেয়ে বেশি তিনটি আন্তর্জাতিক টুর্নামেন্ট থাকছে ফুটবলে। পাশাপাশি বাফুফে, আর্জেন্টিনার কিংবদন্তী ফুটবলার ডিয়েগো ম্যারাডোনাকে দু’দিনের সফরে ঢাকা আনার উদ্যোগও নিয়েছে। ফুটবল কিংবদন্তির ঢাকা সফর হবে, নতুন বছরের ক্রীড়াঙ্গনে সবচেয়ে বড় চমক।
এমাসের ১৫ থেকে ২৫ জানুয়ারি হবে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হবে সবগুলো ম্যাচ। এছাড়াও বছরের শেষদিকে, আরেকটি বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ আয়োজন করা হবে। তাছাড়া এ বছর ঢাকায় অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় টুর্নামেন্ট সাফ চ্যাম্পিয়নশিপ।
দেশের আরেক বড় খেলা ক্রিকেটেও মুজিববর্ষে দু’টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করবে। এশিয়া এবং বিশ্বের সেরা খেলোয়াড়রদের নিয়ে হবে দু’টিই এশিয়া বনাম বিশ্ব একাদশের ম্যাচ। প্রথমটি ১৯ মার্চ এবং পরেরটি হবে ২১ মার্চ।
বঙ্গবন্ধুর নামে বাংলাদেশ হকি ফেডারেশন প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে এশিয়া অনুর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপ। জুনে মওলানা ভাসানী স্টেডিয়ামে হবে ১২ জাতির এ টুর্নামেন্ট।
অন্য খেলাগুলোর মধ্যে, বঙ্গবন্ধুর নামে, দুটি করে আন্তর্জাতিক আয়োজন থাকছে দাবা ও বাস্কেটবলে। বাংলাদেশ দাবা ফেডারেশন দুটি গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্ট আয়োজন করবে। একটি হবে ঢাকায়, আরেকটি চট্টগ্রামে।
এ ছাড়াও ভলিবল, বাস্কেটবল, টেবিল টেনিস, জিমন্যাস্টিকস, রোইং, বক্সিং, তায়কোয়ান্দো, খো-খো, কারাতে, জুডো, মার্শাল আর্ট কনফেডারেশন, ভারোত্তোলন, প্যারালিম্পিক, শরীর গঠন ফেডারেশনও একটি করে আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করবে বঙ্গবন্ধুর নামে। কুস্তি ফেডারেশনের সূচিতে আছে দু’টি আন্তর্জাতিক টুর্নামেন্টর।
যে সব আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন নিয়ে ফেডারেশনগুলো কাজ শুরু করেছে সেগুলো পর্যায়ক্রমে হলে খেলাধুলায় মুখরিত থাকবে মুজিববর্ষ।
বাংলাটিভি/শহীদ



