
নির্বাচনী সহিংসতা
আওয়ামী লীগের দু’পক্ষের নির্বাচনী সহিংসতায় রাজধানীর মোহাম্মদপুরের আদাবরে আরিফ ও সুজন নামে দুই কিশোর নিহতের ঘটনায় নির্বাচন কমিশন (ইসি) যথাযথ ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
তিনি বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী এখন নির্বাচন কমিশনের অধীন।’
শনিবার (১০ নভেম্বর) রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
এদিন, মোহাম্মদপুরের আদাবরে আওয়ামী লীগের দু’পক্ষের ব্যাপক সংঘর্ষের মধ্যে গাড়িচাপায় আরিফ (১৫) ও সুজন (১৭) নামে দুই কিশোরের মৃত্যু ঘটে।
জানা যায়, স্থানীয় সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক ও এবার মনোনয়ন প্রত্যাশী সাদেক খখানের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ বাঁধে।
১৬ নম্বর সড়কের পাশাপাশি সুনিবিড় হাউজিংয়ের ১০ নম্বর সড়ক ও শম্পা মার্কেট এলাকায়ও একই সময়ে সংঘর্ষ বাঁধে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর এটাই নির্বাচনী সহিংসতায় বড় ধরনের প্রাণহানির প্রথম ঘটনা।
বাংলাটিভি/এসএম/এবি



