
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনু ও সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ দলের চার নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। রাজশাহীর মুখ্য মহানগর হাকিম আদালত-২ এর বিচারক সাইফুল ইসলাম মঙ্গলবার বিকালে এই আদেশ দেন।
এর আগে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে আদালতে হাজির হয়ে, মামলাটি দায়ের করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক মোসাব্বিরুল ইসলাম।
গত ২ মার্চ রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পঁচাত্তরের ১৫ আগস্ট স্মরণ করিয়ে দিয়ে প্রাণনাশের হুমকি দেওয়ার পাশাপাশি বর্তমান সরকারকে উৎখাতের জন্য, রাষ্ট্রবিরোধী বক্তব্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে মামলায়। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছে।



