আফগানিস্তানে মানবিক সংকট এড়াতে তহবিল খুঁজছে জাতিসংঘ

আফগানদের বাচাতে ৬০০ মিলিয়নেরও বেশি মার্কিন ডলার সহায়তা খুঁজছে জাতিসংঘ। সোমবার (১৩ সেপ্টেম্বর) বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এ লক্ষ্যে সুইজারল্যান্ডের জেনেভায় একটি সম্মেলনের আয়োজন করেছে জাতিসংঘ। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, তার সংস্থা বর্তমানে আর্থিক সংকটে রয়েছে। নিজেদের কর্মীদের বেতন পর্যন্ত দেওয়া সম্ভব হচ্ছে না।
এদিকে জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে যে ৬০০ মিলিয়ন মার্কিন ডলার অর্থ সহায়তা চাওয়া হয়েছে, তার এক-তৃতীয়াংশ খরচ করা হবে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচিতে (ডব্লিউএফপি)। কারণ, আফগানিস্তানে খাদ্য, ওষুধ, স্বাস্থ্য সেবা, নিরাপদ পানি ও স্যানিটাইজেশন খুব প্রয়োজন।
সম্প্রতি ডব্লিউএফপির একটি জরিপে দেখা গেছে, ৯৩ শতাংশ আফগানের পর্যাপ্ত খাবার খাবার কেনার মতো অর্থ নেই।
প্রসঙ্গত, গত মাসে আফগানিস্তান তালেবানের নিয়ন্ত্রণে যাওয়ার পরিপ্রেক্ষিতে দেশটিতে মানবিক সংকট দেখা দিয়েছে। এর আগে ১৫ আগস্ট তালেবান আফগানিস্তান দখল নেওয়ার আগে থেকেই দেশটির ১ কোটি ৮০ লাখ মানুষ আন্তর্জাতিক সহায়তার ওপর নির্ভরশীল ছিল, যা দেশটির মোট জনসংখ্যার প্রায় অর্ধেক।
আফগান সরকারের পতনের আগে দেশটি বিদেশি সহায়তা পেয়ে আসছিল। কিন্তু তালেবান ক্ষমতায় আসায় সহায়তা বন্ধ হয়ে যায়।
বাংলাটিভি/ সাকিব



