বাংলাদেশসরকার

১ অক্টোবর থেকে বিদেশি টিভি চ্যানেলে বিজ্ঞাপন প্রচার বন্ধ: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন দেশের ভেতরে বিদেশি টিভি চ্যানেলে বিজ্ঞাপন প্রচার বন্ধে নেওয়া নীতিমালা ১ অক্টোবর থেকে কঠোরভাবে কার্যকর করা হবে। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে এ কথা বলেন তিনি।

ক্লিন ফিড ছাড়া বিদেশি চ্যানেলগুলো আর সম্প্রচার করতে দেবে না সরকার। সেদিক থেকে জি বাংলা, স্টার জলসা ও স্টার প্লাসসহ অন্যান্য বিদেশি চ্যানেল ‘ক্লিন ফিড’ না পাঠালে আগামী ৩০ সেপ্টেম্বরের পর বাংলাদেশে সম্প্রচার করতে পারবে না বলেও জানানো হয়।

এর আগে রোববার (৫ সেপ্টেম্বর) তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ জানান ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন অনুসারে বিজ্ঞাপনসহ কোনো বিদেশি চ্যানেল বাংলাদেশে সম্প্রচার করা যাবে না। এছাড়া তিনি আরো বলেন, আগামী ১ অক্টোবর থেকে বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচার হলে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে বিদেশি শিল্পী দিয়ে বিজ্ঞাপন নির্মাণ করা হলে এবং তা কোনো টেলিভিশনে প্রচার করা হলে সরকারকে নির্ধারিত ফি প্রদান করতে হবে।
ভারতীয় বিভিন্ন টেলিভিশন চ্যানেলসহ বিদেশি চ্যানেল বাংলাদেশে সম্প্রচার করতে হলে আইন অনুসারে বিজ্ঞাপনমুক্ত বা ক্লিন ফিড সম্প্রচারের কথা থাকলেও কোনো ধরনের অনুমতি ছাড়াই বিজ্ঞাপনসহ সম্প্রচার হচ্ছে এ বিদেশি চ্যানেলগুলো। এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশীয় টিভি চ্যানেলগুলো।

তথ্যমন্ত্রী বলেন, বিদেশি চ্যানেলে ক্লিন ফিড সম্প্রচার না হলে ১ অক্টোবর থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, বিদেশি শিল্পী দিয়ে বিজ্ঞাপন নির্মাণ করা হলে প্রতি শিল্পীর জন্য দুই লাখ টাকা এবং তা কোনো টেলিভিশনে প্রচার করা হলে ২০ হাজার টাকা সরকারকে নির্ধারিত ফি হিসাবে প্রদান করতে হবে।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button