
ই-কমার্স প্রতিষ্ঠানগুলোতে ব্যবসার নামে গ্রাহকরা যেভাবে প্রতারিত হচ্ছেন, সে জন্য গ্রাহকদের লোভ কমাতে জনস্বার্থে প্রচারণা চালানোর পরামর্শ দিয়েছেন হাইকোর্ট।
ফোনালাপে আড়িপাতা বন্ধে করা এক রিট শুনানির সময় বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মুস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ এ পরামর্শ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী শিশির মনির। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার। শুনানির এক পর্যায়ে আদালত বলেন, দেশে একটা কিনলে আরেকটা ফ্রি, বিমানের টিকিট কিনলে হোটেল ফ্রি এ ধরণের বিজ্ঞাপন দেখা যায়। এ জন্যই গ্রাহকদের লোভ কমাতে জনস্বার্থে প্রচারণা চালানো উচিত। পরে হাইকোর্ট ফোনালাপে আড়িপাতা বন্ধ চেয়ে দায়ের করা রিটের আদেশের জন্য আগামী ২৯ সেপ্টেম্বর দিন নির্ধারণ করেন।
উল্লেখ্য, ইভ্যালি, ই-অরেঞ্জ ও অন্যান্য ই-কমার্স প্রতিষ্ঠানের প্রতারণা নিয়ে দেশব্যাপী আলোচনা সমালোচনা চলছে। বাজার মূল্যের চেয়ে অনেক কম মূল্যে পণ্য বিক্রির অফার দিয়ে গ্রাহকদের পণ্য না দেয়াসহ নানা বিষয়ে ই-কমার্স সাইটগুলো গ্রাহকদের সাথে প্রতারণা করেছে। এর অংশ হিসেবে ই-অরেঞ্জসহ ইভ্যালির শীর্ষস্থানীয় কর্মকতাদের গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে ইভ্যালির সিইও দম্পতিকে গ্রেপ্তার করে র্যাব। এরপর পুলিশ রাসেল ও তার স্ত্রী নাসরিনকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালত তাদের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
বাংলাটিভি/শহীদ



