
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্তে গুলিতে নিহত এক বাংলাদেশির মরদেহ হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। নিহত রফিউল ইসলাম টিকলু (৩৪) পাটগ্রামের বঙ্গের বাজার এলাকার ডাঙ্গাপাড়া গ্রামের আফজাল হোসেনের ছেলে।
পাটগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) জয়ন্ত কুমার সাহা এ তথ্য নাশ্চিত করেছেন। তিনি জানান, রোববার রাত সাড়ে ১১টায় উপজেলার দহগ্রাম তিনবিঘা করিডোর দিয়ে ভারতের মেখলিগঞ্জ থানা পুলিশ ও বিএসএফ বাংলাদেশের পাটগ্রাম থানা পুলিশের কাছে লাশ হস্তান্তর করেছে।
লাশ হস্তান্তরের সময় বিজিবি-৫১ রংপুর ব্যাটালিয়নের পানবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আমানুজ্জামান ও বিএসএফের ৬ ব্যাটালিয়নের রাণীনগর ক্যাম্পের কমান্ডার এবং পাটগ্রাম থানার পুলিশ পরিদর্শক জয়ন্ত কুমার সাহা ও দহগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব বলেন, রাতে নিহত বাংলাদেশি যুবক টিকলুর মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করে বিএসএফ। এরপর রাতেই তার নিজ বাড়িতে দাফন সম্পন্ন করা হয়। এলাকাবাসীর বরাতে চেয়ারম্যান বলেন, রোববার ভোর ৪টার দিকে আঙ্গরপোতা বিওপি সীমান্তের ১ নম্বর মেইন পিলারের কাছাকাছি ৬ বিএসএফ ক্যাম্পের টহলদল গুলি চালায়। এ সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন রফিউল ইসলাম টিকলু।
এএফ/বাংলা টিভি



