আইন-বিচার

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যায় দোষীকে নির্ণয়ে প্রয়োজনে ৫০ বছর সময় দিতে হবে: আইনমন্ত্রী

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্তের বিষয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, আসল দোষীকে চিহ্নিত করতে যতদিন সময় লাগে, ততদিন সময় দিতে হবে। তাতে যদি ৫০ বছর লাগে, তাহলে ৫০ বছর সময় দিতে হবে।

বৃহস্পতিবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সাগর-রুনি হত্যা মামলার বিচারে কেন বিলম্ব হচ্ছে? এমন এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, সাগর-রুনিকে নিয়ে কথা বলবেন… আমি বুঝলাম। কিন্তু এই মামলায় যদি পুলিশ তদন্ত শেষ না করতে পারে, তাহলে কি জোর করে সেই তদন্ত সমাপ্ত করে একটা চূড়ান্ত প্রতিবেদন কিংবা অভিযোগপত্র দেওয়াটা কি ঠিক? তাদের তদন্তে সঠিকভাবে দোষীকে নির্ণয় করতে তাদের সময় দিতে হবে, তাতে যদি ৫০ বছর লাগে, তাহলে ৫০ বছর সময় দিতে হবে।

তাহলে কি আমরা এই রায়ের জন্য ৫০ বছর অপেক্ষা করব? জানতে চাইলে তিনি বলেন, এই মামলাটি ব্যতিক্রমী। যেসব মামলায় অপরাধীকে ধরা গেছে, সেগুলোর তড়িত বিচার হচ্ছে। যেখানে অপরাধীকে ধরা যাচ্ছে না, তদন্ত শেষ করতে পারছে না, সেখানে অবশ্যই তাদের সময় দিতে হবে।

এসময় বাংলাদেশের বিরুদ্ধে ব্যক্তিস্বার্থে বিশ্বজুড়ে ষড়যন্ত্র চলছে বলেও মন্তব্য করেন মন্ত্রী। এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটিকে মোকাবিলা করার জন্যই তো আমরা সংবাদ সম্মেলন করছি। আমরা জনসমক্ষে প্রচার মাধ্যমে সত্য তুলে ধরব। বাংলাদেশ একটি স্বাধীন-সার্বভৌম দেশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে ৩০ লাখ শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে বাংলাদেশ। আমরা কারো অঙ্গুলি হেলনে চলি না। আমাদের দেশে আইন আছে, সেই আইনে দেশ চালাই।

সংশ্লিষ্ট খবর

Back to top button