ভাঙ্গা-যশোর নতুন রেলপথে ট্রায়াল ট্রেনের গতি পরীক্ষা

ফরিদপুরের ভাঙ্গা থেকে যশোরের রূপদিয়া পর্যন্ত নতুন রেলপথে প্রথমবারের মতো ট্রায়াল ট্রেনের গতি পরীক্ষা হলো। এ যাত্রায় সময় লাগে ১ ঘন্টা ২৫ মিনিট, ট্রেনটির সর্বোচ্চ গতি ছিলো ঘণ্টায় ১২০ কিলোমিটার। সফলভাবে ট্রায়াল রান সম্পন্ন হওয়ায় নির্ধারিত সময়ে এই রেলপথে ট্রেন চলাচল শুরুর আশা করছেন সংশ্লিষ্টরা।
পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের আওতায় ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত রেলপথ চালু হয় গত বছরের ১০ অক্টোবর, এই পথে নিয়মিত চলাচল করছে ট্রেন। আর প্রকল্পের বাকি অংশ ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত ৮৭ দশমিক ৩২ কিলোমিটার নতুন রেলপথে আজ চললো পরীক্ষামূলক ট্রেন।
সকাল ৮টা ৪০ মিনিটে ভাঙ্গা থেকে ছাড়া ট্রেনটি সকাল ১০টা ২৫ মিনিটে যশোরের রূপদিয়া রেলওয়ে স্টেশনে পৌঁছে। প্রায় ১০ মিনিট সেখানে অবস্থান করে, আবার ভাঙ্গার দিকে রওনা হয় ট্রেনটি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই রেলপথে গড়ে ৮৪ কিলোমিটার বেগে পাড়ি দিয়েছে এই ট্রেন, কোথাও কোথাও সর্বোচ্চ গতি ছিলো ১২০ কিলোমিটার।
যশোর রেলওয়ের স্টেশন মাস্টার জানান, প্রকল্পের মেয়াদ জুন পর্যন্ত নির্ধারিত থাকলেও এর আগেই নতুন রুটে ট্রেন চলাচল শুরুর আশা করা হচ্ছে। ভাঙ্গা থেকে যশোর রেলপথটি চালু হলে ঢাকার সঙ্গে বেনাপোল ও খুলনা রুটে রেলপথে দুরত্ব বুহুলাংশে কমে আসবে।
বাংলা টিভি / বুলবুল



